ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের তীব্র বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রতিবেশী নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ ক্রয়-বিক্রয়ের সম্ভাবনার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের সঙ্গে জলবিদ্যুতের সম্ভাবনার কথাও বলেছেন তিনি।
বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি খাতের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর তার উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী কিছু দিক-নির্দেশনা দিয়েছেন জানিয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে বিশ্বব্যাংকের একটি সুপারিশ আছে। পাঁচ এপ্রিল ওদের একটি দল আসবে। বিশ্ব ব্যাংক ইতিমধ্যে নেপাল ও ভারতের সঙ্গে কথা বলেছে।"
তৌফিক ই ইলাহী জানান, প্রধানমন্ত্রী ভোলা গ্যাসক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইসলামিক উন্নয়ন ব্যাংকের সহায়তার ১৫০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন তরান্বিত করার নির্দেশ দিয়েছেন। বড়পুকুরিয়াতে ১২৫ মেগাওয়াটের আরও একটি বিদ্যুৎ ইউনিট স্থাপনের বিষয় নিয়ে আলোচনা করেছেন।
উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী যেসব প্রকল্প দরপত্রের পর্যায় থেকে বাস্তাবায়নাধীন অবস্থায় রয়েছে তার দ্রুত শেষ করতে বলেছেন যাতে আগামী ৩/৪ বছরের মধ্যে ৩০০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ যোগ হয়। তিনি বিদ্যমান কেন্দ্রগুলোতে নতুন যন্ত্রপাতি বসিয়ে এদের ক্ষমতা বৃদ্ধি করতে বলেছেন।
প্রধানমন্ত্রী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য বিদেশিদের কাছ থেকে প্রচুর প্রস্তাব আসার কথা জানিয়েছেন। অফিস-আদালত, স্কুল, কলেজে সৌরবিদ্যুৎ দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলেছেন।
উপদেষ্টা বলেন, "বুধবার চীনের সব থেকে বড় তেল কোম্পানি সিএনপিসি আমাদের এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।"
স্থলভাবে বাপেক্স যেসব এলাকায় কাজ করছে না সে এলাকায় তৃতীয় পক্ষের মাধ্যমে অনুসন্ধান কাজ পরিচালনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এশিয়া এনার্জির সঙ্গে কয়লা উত্তোলনের কোনও চুক্তি হয়নি। কয়লানীতি চূড়ান্ত করার জন্য উন্মুক্ত আলোচনার আয়োজন করা হবে।
তিনি বলেন, সাগরে তেল গ্যাস অনুসন্ধানের বিষয়টি আরও মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের স্বার্থকে ঊর্ধ্বে রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংস্থা প্রধানদের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২০৪৬ ঘ.
bdnews24