বাগেরহাট, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে মঞ্জুরুল আলম (৪৭) নামে এক ব্যাক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ রায় দেন। আসামি মঞ্জুরুল এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিত মঞ্জুরুল মংলা বন্দরের শ্রমিক ছিলেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মঞ্জুরুলের প্রথম স্ত্রী রিনা বেগম, ছেলে রিয়াদ হোসেন (২৪) ও প্রতিবেশী চান মিঞাকে (২৫) বেকসুর খালাস দিয়েছে।
এরা সবাই বাগেরহাটের মংলা পৌরসভার ২ নম্বর পোর্ট কাঁচা কলোনি এলাকার বাসিন্দা।
২০০৬ সালের ৪ আগস্ট পারিবারিক কলহের জের ধরে মঞ্জুরুল তার দ্বিতীয় স্ত্রী রাবেয়া বেগমকে পোর্ট স্কুলের মসজিদের পাশে মারধর এবং গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ গুম করার জন্য তা মংলা নদীতে ফেলে দেন।
দুদিন পর মংলা থানা পুলিশ বন্দরের ২ নম্বর জেটির পন্টুনের পাশ থেকে রাবেয়ার লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রথমে মংলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরে ময়না তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মংলা থানায় একটি হত্যা মামলা হয়।
২০০৭ সালের ৫ ফেব্র"য়ারি চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৬ ঘ.
bdnews24