২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি খাতের 'সহায়তা প্যাকেজ' কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত : অর্থমন্ত্রী

বিশ্ব মন্দায় রপ্তানি খাতের ক্ষতি পুষিয়ে দিতে কিছুদিনের মধ্যে একটি সমন্বিত 'সহায়তা প্যাকেজ' চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব মন্দায় রপ্তানি খাতের ক্ষতি পুষিয়ে দিতে কিছুদিনের মধ্যে একটি সমন্বিত 'সহায়তা প্যাকেজ' চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী এসময় প্রবৃদ্ধি কমে আসার এডিবি পূর্বাভাসের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে বলেন, প্রবৃদ্ধি ৬ শতাংশের মতো হবে বলেই তার হিসেব বলছে। অর্থমন্ত্রী বলেন, "আমরা (সরকার) এখন হিসাব-নিকাশ করছি কোন খাতে কি ধরনের সহায়তা প্রয়োজন। সব কিছু ঠিক-ঠাক করে আশা করছি আগামী ৮/১০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত রপ্তানি খাতের জন্য একটি সমন্বিত 'সহায়তা প্যাকেজ' চূড়ান্ত করতে পারবো।" এই সহায়তা প্যাকেজে কি থাকবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এখনও সে ব্যাপারে কোনো কিছু ঠিক হয়নি। তবে বিশ্ব মহামন্দার কারণে ক্ষতিগ্রস্ত খাতের ব্যাংক ঋণ যাতে খেলাপি না হয় সে সংক্রান্ত বিধি-বিধান শিথিল করা হবে। এরমানে ক্ষতিগ্রস্ত খাতের ব্যাংক ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো হবে।" টাস্কফোর্সের সুপারিশের আলোকেই সহায়তা প্যাকেজ চূড়ান্ত করা হবে বলে জানান আব্দুল মুহিত। অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে কি না- জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, "বিভিন্ন মহল থেকে আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ বা সাদা করার দাবি এসেছে। এ সব দাবি বা সুপারিশ ভালোভাবে বিচার-বিশ্লেষণ করে মন্ত্রিসভা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।" রিহ্যাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "তারা (রিহ্যাব নেতারা) তাদের শিল্পের বিভিন্ন সমস্যার কথা বলেছেন। তারা ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষেত্রে ২০০৯-১০ অর্থবছরের বাজেটে কোনো প্রশ্ন ছাড়া অপ্রদর্শিত আয় (কালো টাকা) বিনিয়োগের সুযোগ দেওয়ার সুপারিশ করেছেন।" রিহ্যাব নেতারা ফ্ল্যাট বা বাড়ি কেনার নিবন্ধন ফি কমানোরও প্রস্তাব করেছেন বলে জানান তিনি। মন্ত্রী জানান, এসব প্রস্তাব বা সুপারিশের ব্যাপারে কোনো প্রতিশ্র"তি তিনি দেননি। আমি তাদের বলেছি- বাজেটকে সামনে রেখে বিভিন্ন মহল থেকে নানা ধরনের সুপারিশ আসছে। এ সব সুপারিশ ভালোভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" বাজেটে কালো টাকা সাদা করার দাবির ব্যাপারে সরকার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে- এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "এ ব্যাপারে আমি আমার অবস্থান থেকে একচুলও সরিনি। আমি আগেও বলেছি, নৈতিকভাবে আমি অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পক্ষে নই। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।" মন্ত্রী বলেন, অপ্রদর্শিত আয় সাদা করার ব্যাপারে শুধু তার মতামত প্রাধান্য পাবে এমনটি নয়। বিষয়টি নিয়ে আরও ব্যাপক আলোচনা হবে। মুহিত জানান, কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে তার এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তারা বিভিন্ন ধরনের মত দিয়েছেন। বাকি সংসদ সদস্যদের মতামত বিচার-বিশ্লেষণ করে মন্ত্রিসভা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিশ্ব মন্দার কারণে জিডিপি প্রবৃদ্ধি কমবে বলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাসের বিষয়ে ভিন্নমত দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "এডিবি তাদের পূর্বাভাস দিয়েছে। তবে মার্চ মাস পর্যন্ত আমি অর্থনীতির প্রধান সূচকগুলো পর্যালোচনা করে দেখেছি, চলতি অর্থবছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে।" তিনি বলেন, "বিশ্ব মন্দার প্রভাব আমাদের ওপরে পড়বে এ কথা ঠিক। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। অর্থবছরের শেষ দিকে সব কাজ দ্রুতগতিতে সম্পন্ন হয়। ..এ বিবেচনায় চলতি অর্থবছরে দেশের অর্থনীতি বা জিডিপি প্রবৃদ্ধিতে খুব খারাপ কিছু হওয়ার আশঙ্কা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/১৯৫৪ঘ.