নওগাঁ, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর বাইপাস সড়কের বোয়ালিয়ায় জাপান সরকারের আর্থিক সহায়তায় নির্মিত বেডো হেলথকেয়ার সেন্টার ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার হেলথকেয়ার সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসায়ুকি ইনোই।
বেডোর চেয়ারম্যান রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আনিসুল হক, পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক জসীম উদ্দিন, জেলা প্রশাসক মো. আহসান হাবিব তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ও নওগাঁ সিভিল সার্জন ডাঃ আশেক হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাপানের রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, "আমি আশা করছি জাপানের আর্থিক সহযোগিতায় নির্মিত বেডো হেলথকেয়ার সেন্টার এ অঞ্চলের দরিদ্র লোকজনের স্বাস্থ্য সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।"
অনুষ্ঠানে রাষ্ট্রদূতের স্ত্রী হিরোমী ইনোই উপস্থিত ছিলেন।
বেডো হেলথ কেয়ার সেন্টার নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৮৬ লাখ টাকা। এর মধ্যে ৬৮ শতাংশ দিয়েছে জাপান সরকার।
অনুষ্ঠানে বেডো কর্তৃপক্ষ ঘোষনা দেয় যে, ১০০ টাকার বিনিময়ে একটি পরিবারের সব সদস্য এক বছর এই সেন্টার থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩৩২ঘ. ঘ
bdnews24