২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগীয় ও শ্রমঘন শহরে ওএমএস কার্যক্রম শুরু

ঢাকাসহ ছয়টি বিভাগীয় শহর ও শ্রম-ঘন কয়েকটি শহরে বুধবার থেকে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। বাজারে চালসহ নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পুরো মাস জুড়ে চলবে এ কার্যক্রম। তবে দৃশ্যত মূল্য তুলনামূলকভাবে সহনশীল থাকায় ক্রেতাদের কাছ থেকে খুব একটা সাড়া মেলেনি প্রথমদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 04:27 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ ছয়টি বিভাগীয় শহর ও শ্রম-ঘন কয়েকটি শহরে বুধবার থেকে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। বাজারে চালসহ নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পুরো মাস জুড়ে চলবে এ কার্যক্রম। তবে দৃশ্যত মূল্য তুলনামূলকভাবে সহনশীল থাকায় ক্রেতাদের কাছ থেকে খুব একটা সাড়া মেলেনি প্রথমদিন। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা ছাড়াও বিভাগীয় শহর রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল এবং শ্রম ঘন এলাকা গাজীপুর, নারায়ণগঞ্জ ও খুলনার খালিশপুরে বুধবার সকাল থেকে ওএমএস কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ঢাকার অদূরে সাভারেও এ কার্যক্রম শুরু হবে। এরপর এ কার্যক্রমে নরসিংদীর বিভিন্ন শিল্প এলাকা যুক্ত হবে বলে জানান তিনি। প্রতি কেজি চাল ১৮ টাকা দরে পরিবার প্রতি দেওয়া হচ্ছে পাঁচ কেজি করে চাল। আর প্রতি সপ্তাহে একটি পরিবার তিনবার পর্যন্ত খোলা বাজার থেকে চাল সংগ্রহ করতে পারবে। সপ্তাহের ছয়দিনই চলবে এ কার্যক্রম। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রাজধানীর সব এলাকায় বিক্রির পরিমাণ উল্লেখযোগ্য না হলেও মিরপুর ও মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ ও তেজগাঁও শিল্প এলাকাসহ শ্রমজীবী অধ্যুষিত জায়গাগুলোতে বিকেলের মধ্যেই চাল শেষ হয়ে যায়। এছাড়া খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে লাইন দিয়ে ক্রেতারা চাল কিনেছেন। পিউস কস্তা জানান, খোলাবাজারে বিক্রির জন্য দেওয়া চাল কারওয়ান বাজারের পাইকারি দর সাড়ে ১৯ টাকা। সরকারি গুদাম থেকে ডিলাররা ১৬ টাকা ৫০ পয়সা কেজি দরে চাল নিয়ে ১৮ টাকা দরে বিক্রি করবে। সারা দেশে মোট ১ হাজার ৭৯০ জন ডিলারের মধ্যে ৮৫৮ জন প্রথম দিনে ওএমএসের চাল বিক্রি করেছেন। এছাড়া রাজধানীর ৩৮৩ জন ডিলারের মধ্যে সবাই ছিলেন সক্রিয়। আগামী সপ্তাহ থেকে দেশের প্রায় ৩০ লাখ গার্মেন্টস ও চা-শ্রমিকের মধ্যে একই দামে চাল দেওয়া হবে বলেও জানিয়েছেন পিউস কস্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমকে/এএল/২২১২ঘ.