সিলেট, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - জনপ্রিয় লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
তাকে এ হুমকি দিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) এর নামে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে। রোববার বিকেলে এ চিঠি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে পৌঁছায়।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "চিঠি পাওয়ার বিষয়টি ড. জাফর ইকবাল লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন। এ ব্যাপারে সিলেট কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।"
হুজির নামে পাঠানো চিঠিতে বলা হয়, "হে সম্মানিত ব্যক্তি, এ পর্যন্ত তুমি ইসলাম ও মুসলমানের যে ক্ষতি সাধন করেছ তা অবর্ণনীয়। এই তো জীবনের অবসান। কোনো ব্যক্তি তোমাকে রক্ষা করতে পারবে না। যে কোনো মূল্যে তোমাকে হত্যা করবো। আগামী আরবী মাসের বেজোড় তারিখে হত্যা করবো।" জিডিতে চিঠির এ কথা উল্লেখ করা হয়েছে।
রেজিস্ট্রার জানান, চিঠিটি সাদা কাগজে হাতে লেখা। এতে সংগঠনটির নাম উল্লেখ রয়েছে। তবে কারো স্বাক্ষর নেই।
কোতয়ালি থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ড. জাফর ইকবালের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি।
বিশ্ববিদল্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের নেতা সহযোগী অধ্যাপক সুশান্ত দাস উদ্বেগ প্রকাশ করে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত হয়েছে। এর অংশ হিসেবে ড. জাফর ইকবাল হুমকি দেওয়া হয়েছে।"
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন চোখ ফিল্ম সোসাইটি, থিয়েটার সাস্ট, দৃক থিয়েটার গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24