২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমি কোন পাপ করি নাই, আল্লাহই আমাকে বাঁচাবে'

মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে আসা মাহমুদা বেগম (৪৫) বিডিআর সদর দপ্তরের চার নম্বর গেটের উল্টোদিকে ফুটপাথের উপর কাপড় বিছিয়ে পুত্রবধু শাহানারা (২৫) ও নাতনী সুরভীকে (৩) নিয়ে বসেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 07:27 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

আবু নোমান সজীব বিডিনিউজ ২৪ ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে আসা মাহমুদা বেগম (৪৫) বিডিআর সদর দপ্তরের চার নম্বর গেটের উল্টোদিকে ফুটপাথের উপর কাপড় বিছিয়ে পুত্রবধু শাহানারা (২৫) ও নাতনী সুরভীকে (৩) নিয়ে বসেছিলেন। সেই সোমবার সকাল আটটা থেকে অপেক্ষা করতে করতে এখন বিকেল পাঁচটা। কাছে গিয়ে প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে উঠলেন মাহমুদা। বললেন, "যানতো ভাই, বিরক্ত কইরেন না, এমনিতেই তিনদিন ধইরা খাওন নাই, গোসল নাই। আর আপনাগো বইলা লাভ কি, আপনারা কি আমাগো কথা সব কইতে পারবেন?" একটু পরে শান্ত হয়ে মাহমুদা তার পাশেই বসে থাকা বিডিআর সদস্য স্বামী এবং ছেলেকে দেখিয়ে বলেন, "তিন দিন ধইরা ছোটাছুটি করতাছি। একবার আবানী (আবাহনী) মাঠ তো আবার পিলখানা। "আজ মনে করছিলাম স্বামী-ছেলে যোগ দিতে পারলে বেটার বৌডারে নিয়ে বাড়ি ফিরুম। কিন্তু কবে যোগ দিবার পারবে হেউডা আল্লাই ভালো জানে।" এ সময় মাহমুদা বেগমের স্বামী বিডিআরের নায়েব সুবেদার ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকার রিপোর্ট করার কথা বলে আমাগো লগে আবার নাটক শুরু করছে। "শুনতাছি আর্মি-র‌্যাব মিইলা অভিযানে নামছে। এখানে সবাই একসঙ্গে থাকলে তাও ভয় লাগে না। কিন্তু রাতে ফেরার পথে রাস্তায় আবার কোন বিপদ হয়।" সন্ধা সাতটা। রাইফেলস স্কোয়ার মার্কেটের ভেতরের ফাঁকা জায়গায় প্রতীক্ষার প্রহর গুনছেন রিপোর্ট করতে আসা ইউনিফর্ম পরিহিত কয়েকশ' বিডিআর সদস্য। আর বাইরে লোহার গ্রীল ধরে দাড়িয়ে আছেন তাদের স্বজনরা। মার্কেটের সামনের ফুটপাথে খাবারের একটি ব্যাগ হাতে বসে ছিলেন গাইবান্ধার পলাশবাড়ী থেকে আসা সুফিয়া খাতুন (৪০) এবং তার স্বামী শের আলী (৫০)। তারা জানালেন, ছেলে কালাম সকালে রিপোর্ট করার জন্য ভেতরে ঢুকেছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে রিপোর্ট করতে পারেনি। তাই খাবার নিয়ে দাড়িয়ে আছেন বাবা-মা। শের আলী বলেন, "বাবারে ঢাকায় আত্মীয়-স্বজন নাই বললেই চলে। পরশুদিন আইসা প্রথমে উঠছিলাম মিরপুরে, পাশের গ্রামের দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িত। গতকাল আছিলাম ছেলের এক বন্ধুর বাসায়। আজ যে কই যাবো তা এখনো ঠিক করতে পারি নাই।" ঝিনাইদহের কালীগঞ্জ থেকে আসা কলেজছাত্র মমিনুল ইসলামকে দেখা গেলো একের পর এক মোবাইল ফোনকল রিসিভ করতে। কথা শেষ হলে প্রশ্ন করতেই মমিন বলেন, "বড় ভাইয়ের সঙ্গে ঢাকায় আসছি। বাড়িতে সবার টেনশনে খাওয়া-দাওয়া বন্ধ। আত্মীয়-স্বজনও সবাই আছে দুঃচিন্তায়। সবাই শুধু ফোন করে জানতে চায় ভাই রিপোর্ট করতে পারছে কিনা।" বগুড়ার ধুনটের সুবেদার নাসিরউদ্দিন বিদ্রোহ শুরুর দিনই ইউনিফর্ম ছাড়া পিলখানা থেকে পালিয়ে গিয়েছিলেন। রিপোর্ট করতে এসেছেন দুই ছেলে ইকবাল (২৬) এবং খালিদকে (২৩) সঙ্গে নিয়ে। নাসিরউদ্দিন বললেন, "ঢাকায় থাকার মতো ঘনিষ্ঠ তেমন কোন আত্মীয় নাই। ছেলে দুইডারে বার বার করে চইলা যেতে বলছি। কিন্তু ওরা রাজী হয় না। "বাধ্য হয়ে গত দুইদিন গনকটুলীতে আমার ব্যাটালিয়নের এক সৈনিকের বাসায় ফ্লোরে বিছানা করে কোনরকমে রাত কাটায়ছি।" কথা বলার এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। দুই ছেলেকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কন্ঠে নাসিরউদ্দিন বলেন, "আমি তো জানি, আমি একচুলও পাপ করি নাই। তোরা চিন্তা করিস না বাবা, আমি যেহেতু কোন পাপ করি নাই, আল্লাহই আমাকে রক্ষা করবে, আমার কিছুই হবে না।" এর আগে শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে বিডিআর সদরদপ্তরে সংঘটিত বিদ্রোহ ও অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত বিডিআর সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার দুপুরে সরকারের ঘোষণার পর ওইদিন বিকেল থেকেই বেশ কিছু বিডিআর সদস্য সদরদপ্তরে রিপোর্ট করতে আসেন। এরপর রোববার সকাল ১০টা থেকে সদরদপ্তরের প্রধান ফটকের সামনে ভিড় করতে থাকেন শত শত বিডিআর সদস্য ও তাদের সঙ্গে আসা স্বজনরা। রিপোর্ট করার জন্য সদরদপ্তরের প্রধান ফটকের সামনে এবং ধানমণ্ডির আবাহনী মাঠে ভিড় করেন আরো কয়েক হাজার বিডিআর সদস্য ও তাদের সঙ্গে আসা স্বজনরা। রোববার রাত আটটা পর্যন্ত রিপোর্টিং চলে। এরপর এ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়। বাকীদের সোমবার সকাল আটটায় আসতে বলা হয়। বিডিনিউজ ২৪ ডটকম /এএনএস/এসকে/এইচএ/০১২১ঘ.