সায়েদ তালাত
বিডিনিউজ ২৪ ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - কথা বলার সময় থরথর করে কাঁপছিলেন নায়েক সুবেদার মো. আবু বকর সিদ্দিক। তার হাত কাঁপছিল বুকের ব্যাজটি তুলে ধরার সময়েও। বিড়বিড় করে কিছু শব্দ উচ্চারণ করছিলেন তিনি। সম্ভবত দোয়া-দরূদ পড়ছিলেন।
শনিবার ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশের পর অনেক বিডিআর সদস্য সদরদপ্তরে রিপোর্ট করার জন্য এসে রাইফেলস স্কোয়ার ও আবাহনী মাঠে ভিড় করে দাঁড়িয়েছিলেন। আবু বকর সিদ্দিক তাদেরই একজন। তার দাবি, তিনি বিদ্রোহের সময় ছিলেন না, গুলির শব্দ শুনেই সদর দপ্তর থেকে পালিয়ে যান।
রোবরার সকাল থেকেই একে একে পলাতক ও ছুটিতে থাকা বিডিআর সদস্যরা সদর দপ্তরে আসতে শুরু করেন। এ সময় কেউ কেউ ইউনিফর্ম পড়ে এসেছিলেন। আবার কেউ কেউ এসেছিলেন সাদা পোশাকে। তবে এদের মধ্যে অনেকেই ছিলেন, যারা ২৫ ফেব্র"য়ারির আগেই অসুস্থতাসহ নানা কারণে ছুটিতে গিয়েছিলেন। সদর দপ্তরে রিপোর্ট করতে আসেন তারাও।
তারা সকলেই সেনা কর্মকর্তাদের হত্যাকারী ও অপরাধীদের বিচার দাবি করেন।
আবু বকর বলেন, "ওদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ওরা তো শুধু অফিসারদেরই নয়, আমাদেরও জীবন শেষ করে দিয়ে গেছে। যারা এভাবে মানুষ মেরেছে, তারা নিজেরা কখনোই মানুুষ হতে পারে না।"
যারা ইউনিফর্ম পরে এসেছিলেন তাদের সদরদপ্তরের পাশে রাইফেলস স্কোয়ার, আর যারা সাদা পোশাকে এসেছিলেন তাদের আবাহনী মাঠে জড়ো হবার নির্দেশ দেন সেনা বাহিনীর সদস্যরা। সাদা পোশাক পরা প্রায় সব সিপাহী জানান, বিদ্রোহ শুরু হওয়ার পরে সুযোগ বুঝে তাদের কেউ কেউ সাদা পোশাকেই সদরদপ্তর থেকে পালিয়ে যান। বাকিরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বক্তৃতার পর পালিয়ে যান। তাড়াহুড়ো করে পালানোর কারণে তারা পোশাক সঙ্গে নিয়ে যেতে পারেননি। অনেকের কাছে পরিচয়পত্রও ছিল না।
তবে যোগদান করতে আসা সকলেরই দাবি, তারা কেউ বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন না। যারা বিদ্রোহের দু'দিন সদরদপ্তরের ভেতর ছিলেন তারা নিজেদের কোয়ার্টারে বসেছিলেন বলে জানান। আবার কেউ ডেইরি ফার্ম বা হাসপাতালে লুকিয়ে ছিলেন। তারা বলেন, তারা অপরাধী হলে কিংবা তাদের স্যারদের মারলে কখনো কাজে যোগদান করতে আসতেন না।
বিদ্রোহের ব্যাপারে গুলির শব্দ শোনা ছাড়া কেউ কিছু দেখেননি বলে দাবি করেন সাংবাদিকদের কাছে। এমন কি, কেউ কেউ দু'দিন ধরে সদরদপ্তরের ভেতরে থাকলেও হত্যাযঞ্জের বিষয়েও কিছু দেখেননি বলে দাবি করেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিপাহী বলেন, প্রথমদিন দুপুর পর্যন্ত তিনি বিদ্রোহে যোগ দেননি। কিন্তু বিকেলে কয়েকজন বিদ্রোহী বিডিআর সদস্য তাকে হত্যার হুমকি দিলে তিনি অস্ত্র হাতে নিয়ে একটি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। পরদিন প্রধানমন্ত্রীর ঘোষণার আগ পর্যন্ত তিনি এ কাজই করেছেন। অস্ত্র হাতে রাখলেও তিনি একটি গুলিও ছোড়েননি বলে দাবি করেন।
ল্যান্স নায়েক জোসেফ লুমাস বিদ্রোহের দিন সকালে হাজারীবাগের ভাড়া বাসায় নাস্তা খেতে গিয়ে প্রথম গুলির শব্দ শোনেন। এরপরে তিনি আর আসেননি। রোববার দুপুরে চাকরিতে যোগদান করতে আসেন তিনি। ওই সময় তার সঙ্গে ছিলেন পরিবারের সব সদস্য।
জোসেফের মেয়ে রিতা বলেন, "সামরিক বাহিনীতে কেউ বিদ্রোহ করলে তাকে নাকি মেরে ফেলা হয়। অনেকের নাকি খোঁজই আর পাওয়া যায় না। তাই জানি না, আব্বুকে আর দেখতে পারব কিনা।"
জোসেফ বলেন, "তিন ছেলে-মেয়েকে নিয়ে আমি ঢাকায় থাকি। ওরা স্কুলে পড়ে। চাকরি চলে গেলে কিভাবে চলব? কি খাব? এই বয়সে তো অন্য কোনো চাকরিও পাব না।"
এই ভয়ের কারণে কেউ কেউ সদরদপ্তরে ঢোকার আগে পরিবারের কাছ থেকে শেষ বিদায় নিয়ে নিচ্ছিলেন। তাদের হাতে ছিল পাউরুটি, চিড়া, কলা ও পানি। অনেকেই আবার রাইফেলস স্কোয়ারের সামনের খোলা জায়গায় বসে পরিবারের সবাইকে নিয়ে দুপুরের খাবারও খেয়ে নেন।
সিপাহী আবুল হোসেন (ব্যাচ নং ৫৭২৩০) বলেন, বিদ্রোহের দিন বুধবার তার ওপর দায়িত্ব ছিল দুই বীরশ্রেষ্ঠ ও শহীদ পরিবারের সদস্যদের আপ্যায়ন করা। সকাল সাড়ে নটার দিকে গুলির শব্দ শুনে বাইরে তাকিয়ে দেখতে পান, দরবার হল থেকে যে যেভাবে পারছে ছুটে পালাচ্ছে। তার ঘরেও কামরুজ্জামান নামের একজন মেজর আশ্রয় নেন। কিন্তু পরে বিদ্রোহীরা এসে সেই মেজরকে ধরে নিয়ে যায়। সে সময় আশ্রয় দেওয়ার অপরাধে তারা তাকে বেধড়ক পিটুনি দেয়।
সেদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে সিপাহী কিংকন বলেন, বিদ্রোহের দিন বুধবার তিনি দরবার হলেই ছিলেন। হঠাৎ গুলির শব্দ শোনেন। তারপর দেখতে পান বেশ কয়েকজন অল্পবয়সী বিদ্রোহী বিডিআর সদস্য গুলি ছুড়তে ছুড়তে আসছেন। তাদের কয়েকজনের পরনে ছিল সাদা গেঞ্জি ও হলুদ প্যান্ট। দশমাস আগে তিনি বিডিআরে যোগ দেন বলে জানান।
কাজে যোগ দেওয়ার জন্য এক হাজারের অধিক সদস্যের সঙ্গে বিডিআর সদরদপ্তরের বাইরে দাঁড়িয়েছিলেন ল্যান্স নায়েক আনোয়ার হোসেন ও সিপাহী সেকান্দার।
আনোয়ার হোসেন বলেন, "যারা অপরাধ করেছে, হত্যা করেছে, তাদের ফাঁসি চাই। কিন্তু আমরা তো অপরাধ করিনি। তারা তদন্ত করে দেখুক, আমরা নির্দোষ। এই বাজারে চাকরি চলে গেলে কই যাব? কপালে কি আছে জানি না। কিন্তু অপরাধ করিনি বলেই সরকারের নির্দেশে কাজে যোগ দিতে এসেছি।"
সিপাহী বাদশা মিয়া মিয়া বলেন, "আর মাত্র কয়েকবছর চাকরি আছে। অবসর নিলেই আট-দশ লাখ টাকা পাব। তাহলে আমি কেন এখন বিদ্রোহ করতে যাব। আল্লাহ আছেন। তারা তদন্ত করলেই দেখতে পাবেন, আমি নির্দোষ। পরিবার ও সন্তানদের মুখ চেয়ে চাকরিতে যোগ দিতে এসেছি।"
যারা অপরাধ করেছে তাদের ফাঁসি দাবি করেন বাদশা মিয়াও।
তবে চাকরিতে যোগ দিতে ইচ্ছুক অনেক সদস্য রাত নটার পর বিপদে পড়ে যান। কারণ এ সময় তাদের যোগদান প্রক্রিয়া স্থগিত করে সোমবার সকাল আটটায় আবার হাজির থাকতে বলা হয়।
কিন্তু এদের অনেকেরই হোটেলে থাকার টাকা নেই। সারারাত মাঠে বা পার্কেই পরিবার নিয়ে কাটিয়ে দেবেন, অনেকে এমনটাই জানালেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/টিআর/ডিডি/০২৪৫ ঘ.
bdnews24