ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর বিদ্রোহের সূচনালগ্নে দরবার হলে উপস্থিত মেজর ইশতিয়াক আহমেদ খান তার প্রাণে বেঁচে যাওয়ার কথা বর্ণনা করতে গিয়ে বলেন, ওদের মধ্যে কোনো নেতৃত্ব ছিল না। একদল এসে বলতো মেরে ফেলবো, পরক্ষণেই আরেক দল এসে তাদের থামাতো।
সেনা সদরে শনিবার রাতে সেনা বাহিনীর সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেইনের সংবাদ সম্মেলনে উপস্থিত মেজর ইশতিয়াক বলেন, "আমি দরবার হলের পিছনের দিকে ছিলাম। মূল হত্যাকাণ্ড দেখতে পাইনি। তার আগেই দরবার থেকে বেরিয়ে আসি।"
তবে মুল হত্যাকাণ্ড ওই সময়ই ঘটেছে বলে উল্লেখ করে তিনি বলেন, "আমি যেখানে ছিলাম, সেখান থেকে পরে জানতে পেরেছি যে বিডিআর মহাপরিচালককে মেরে ফেলা হয়েছে। এ সময় আমি লুকিয়ে ছিলাম।"
মেজর ইশতিয়াক বলেন, "আমি দরবার হল থেকে বের হয়েই দৌড়াতে থাকি। তখন এক সৈনিক বললো- স্যার আপনাদের মেরে ফেলবে। আমার বাসায় আসেন দেখি কি হয়।"
তিনি বলেন, পরদনি সকালে ওরা তল্লাশি শুরু করে। আমি আবার বেরিয়ে যাই। বের হওয়ার পর একজন বিডিআর সদস্য আমার পরিচয় জিজ্ঞেস করলে বলি- আমি মেজর ইশতিয়াক। আমাকে টানা-হেঁচড়া করো না, এখানেই গুলি করো, আমি এখান থেকে নড়ব না। কিন্তু তিনি বলেন- আপনি গতকাল বেঁচে গেছেন আপনি মরবেন না, আপনার জান আছে। তিনি আমাকে আরেকটি দলের হাতে তুলে দেন। তারা আমাকে কোয়ার্টার গার্ডে নিয়ে যায়।"
সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবদুল সালাম বলেন, "দরবার হলে ১৬০ জনের মতো কর্মকর্তা ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মহাপরিচালক যখন বক্তব্য দিচ্ছেন তখন অস্ত্র হাতে বাম দিক দিয়ে কয়েকজন দরবার হলে ঢোকে। এরপর দৌড়াদৌড়ি শুরু হয়। আমি বাইরে বের হলাম। এ সময় বিডিআর সদস্যরা আমাকে ঘিরে ধরে। তারা আমাকে তাদের কোয়ার্টারে নিয়ে যায়। পথে ব্যাপাক মারধর করে।"
তিনি বলেন, "আমি ৩০ ঘণ্টা কিছু খাইনি। ওদের কোয়ার্টারে একজন মহিলা আমাদের পানি দিয়েছিল। ওই মহিলা একটি মোবাইল দিলে আমি বাইরে ফোন করে জানাই যে আমাদের কর্মকর্তারা বিভিন্ন স্থানে আটকে আছেন। পরে সেখান থেকে আমাকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়।"
আবদুল সালাম বলেন, "এ নির্মমতা নজিরবিহীন। এটা আমার পাওনা ছিল না।"
বিডিনিউজ ২৪ ডটকম/এমআরএফ/এএনএস/টিআর/ডিডি/০২০০ ঘ.
bdnews24