ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পানি সমস্যার সমাধানে আঞ্চলিক টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেবে সরকার। গঙ্গার পানি বন্টন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও উদ্যোগ নেওয়া হবে।
বিশ্ব পানি দিবস উপলক্ষে এনজিও ফোরাম আয়োজিত 'বাংলাদেশে আন্তঃসীমান্ত নদীর পানি: পানি ও স্যানিটেশন পরিস্থিতির বিশ্লেষণ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এসব কথা বলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, "ভালো পানি ব্যবস্থাপনার অভাবে বর্ষা মৌসুমে পর্যাপ্ত পানির সরবরাহ থাকা সত্ত্বেও আমরা সঙ্কটে ভুগছি। এতদিন যে হারে ভূগর্ভস্থ পানি তুলেছি তাতে ২০২৫ সালের মধ্যে ভূগর্ভে পানির চরম সঙ্কট হবে। শুষ্ক মৌসুমে ৪০ থেকে ৫০ ভাগ টিউবওয়েল থেকে পানি পাওয়া যাচ্ছে না।"
মন্ত্রী বলেন, পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গঙ্গা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং ভারত, নেপাল ও ভুটানকে নিয়ে আঞ্চলিক পানি নীতি ও ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে।
ভারত থেকে আসা নদীগুলোর পানিপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার কী ধরনের উদ্যোগ নিচ্ছে- সেমিনার শেষে এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর বলেন, "এর আগের আওয়ামী লীগের সরকারের সময়ে করা গঙ্গা চুক্তির বাস্তবায়নে পরবর্তী সরকার কোনো পদক্ষেপ নেয়নি। ফলে নদীগুলোর পানির প্রবাহ কমে এসেছে। বর্তমান সরকার ভারতের সঙ্গে আলোচনার ভিত্তিতে গঙ্গাসহ অন্যান্য নদীর পানিপ্রাপ্তি নিশ্চিত করতে উদ্যোগ নেবে।"
সেমিনারে স্বাগত বক্তব্য দেন এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ। এরপর পানি দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বাণী পড়ে শোনান ইউএনআইসি-এর কর্মকর্তা কাজী আলী রেজা।
বাণীতে বলা হয়, বিশ্বের ৪০ শতাংশ মানুষ ২৬৩টি নদীর মোহনায় বসবাস করে। অভিন্ন নদীগুলোর ব্যাপারে বিশ্বে ৩০০টি আন্তর্জাতিক চুক্তি হয়েছে। বান কি মুন পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থা অটুট রেখে পানির সমঅংশীদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্যারল ডি রয় বলেন, বাংলাদেশের এক কোটির মতো টিউবওয়েল পানি সরবরাহের জন্য ভালো হলেও পানির মান নিয়ে সমস্যা রয়ে গেছে।
ঢাকা শহরের পানি সঙ্কটের ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেন, "এই শহরের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং তা আর পূরণ হচ্ছে না। এখন থেকে উদ্যোগ না নিলে ভবিষ্যতে সমস্যা তীব্রতর হবে।"
সেমিনারে বক্তারা ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূপৃষ্ঠের পানি ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তারা বিশুদ্ধ পানি সরবরাহে সরকারকে আরও উদ্যোগ নেওয়ার আহবান জানান।
এবারের পানি দিবসের মূল স্লোগান ছিল 'পানির সুষ্ঠু বন্টন: সুযোগের সদ্ব্যবহার।'
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মুজিবর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শেখ খোরশেদ আলম, বুয়েটের অধ্যাপক রেজাউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২৩১৪ঘ.
bdnews24