২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা নেই: সাখাওয়াত

আসন্ন উপ নির্বাচনে কোন ধরনের জঙ্গি হামলার আশঙ্কা করছেন না নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সোমবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সারা দেশে বিভিন্ন জঙ্গি হামলার আশঙ্কা থাকলেও আসন্ন উপ নির্বাচনের সময় নির্বাচনী এলাকায় এ ধরণের হামলা হতে পারে- এমন কোন তথ্য আমাদের কাছে নেই। সরকারের গোয়েন্দা সংস্থার কাছে এ ধরণের তথ্য আছে কিনা জানিনা। তবে আমাদেরকে তা জানানো হয়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন উপ নির্বাচনে কোন ধরনের জঙ্গি হামলার আশঙ্কা করছেন না নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সোমবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সারা দেশে বিভিন্ন জঙ্গি হামলার আশঙ্কা থাকলেও আসন্ন উপ নির্বাচনের সময় নির্বাচনী এলাকায় এ ধরণের হামলা হতে পারে- এমন কোন তথ্য আমাদের কাছে নেই। সরকারের গোয়েন্দা সংস্থার কাছে এ ধরণের তথ্য আছে কিনা জানিনা। তবে আমাদেরকে তা জানানো হয়নি।" উপ নির্বাচনের বিষয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, "আমরা ২ এপ্রিলের উপ নির্বাচনকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। উপ নির্বাচন নিয়ে অতীতে অনেক অভিযোগ ও বিতর্ক ছিল। এরকম বিতর্কিত নির্বাচন করতে চাইনা। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।" ইতোমধ্যেই নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ না নেওয়ার জন্য প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার ও মন্ত্রী পদমর্যাদার সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলেও তিনি জানান। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জর‌্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, "প্রতি ১০টি ভোট কেন্দ্রের জন্য একজন করে উপজেলা নির্বাচন কর্মকর্তা, প্রতিটি আসনের জন্য পাঁচজন করে বিচারিক হাকিম ও জেলা পর্যায়ে দুজন করে উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।" নির্বাচন কমিশন ও ইসি সচিবালয়ের অধীনে ইসির নিজস্ব কর্মকর্তা দিয়ে এবারই প্রথম সংসদ নির্বাচন পরিচালনা করা হচ্ছে। ইসির নিজস্ব কর্মকর্তা নিয়োগের প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, "প্রশাসনের কর্মকর্তাদের ওপর মনস্তাত্ত্বিক চাপ থাকে। এজন্য অনেক সময় সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারেন না তারা। এবার ইসির নিজস্ব জনবল দিয়ে নির্বাচন করা হচ্ছে।" আগামী ২ এপ্রিল ছয়টি আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলো হল বগুড়া-৬ ও ৭, কিশোরগঞ্জ-৬, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও ৩। এছাড়া বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের সাংসদ শেখ হেলালউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় এ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১৬০২ ঘ.