বরিশাল, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষের টাকাসহ বরিশালের মুলাদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং তার অফিস সহকারীকে সোমবার দুপুরে আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
এরা হলেন- শিক্ষা কর্মকর্তা এ বি এম খলিলুর রহমান এবং অফিস সহকারী সিরাজুল ইসলাম। তাদের দুদক কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কমিশনের বরিশাল বিভাগীয় পরিচালক মেজর শাহরিয়ার আমিন সাংবাদিকদের জানান, আটকৃতরা প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে শিক্ষা উপকরণের ১০ হাজার টাকার জন্য তিন হাজার টাকা করে ঘুষ নিচ্ছিলেন।
তাদের ধরার জন্য ফাঁদ পাতেন দুদক কর্মকর্তারা। উপজেলার ছবিপুর ইউনিয়নের বোয়ালিয়া সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের মাধ্যমে তিন হাজার টাকা ঘুষ দেওয়ার ব্যবস্থা করে এ দুজনকে হাতেনাতে আটক করেন তারা।
আটক দুজনকে দুদকের বরিশাল কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মেজর শাহরিয়ার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৬ ঘ.
bdnews24