ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির মন্দা ও সরকারের নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়নের বিষয় সক্রিয় বিবেচনায় রেখে ২০০৯-১০ অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর সন্মেলন কক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেট্রনিক মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন।
আবদুল মজিদ বলেন, "দেশে একটি নির্বাচিত নতুন সরকার এসেছে। তারা দেশবাসীকে বিভিন্ন ধরনের প্রতিশ্রতি দিয়েছে। তাদের সে প্রতিশ্রতি বাস্তবায়ন ও বিশ্ব মন্দা বিবেচনায় রেখে নতুন বাজেট প্রণয়ন করা হবে।"
আমদানি শুল্ক ও ভ্যাট আদায় আশানুরুপ না হওয়ার বিষয়টি ব্যাখ্যা করে এনবিআর চেয়ারম্যান বলেন, "২০০৮-০৯ অর্থ বছরের বাজেট ঘোষণার সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্য পণ্যসহ সব ধরনের পণ্যের দাম ছিল খুবই চড়া। তবে বাজেট ঘোষণার পর বিশ্ব বাজারে পণ্যের দাম কমতে শুরু করে বর্তমানে তা অনেক কমে এসেছে। ১৪০ ডলারের জ্বালানি তেল এখন মাত্র ৪০ ডলারে নেমে এসেছে। এ কারণে আমদানি শুল্ক ও ভ্যাট আদায় আশানুরুপ হচ্ছেনা। "
বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিদেশি সাহায্য খুব বেশি আসবে না- এমনটিই মনে করেন এনবিআর প্রধান। এ কারণে বাজেটে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানান আবদুল মজিদ।
এনবিআর চেয়ারম্যান বলেন, "আমাদের দেশের জনসংখ্যার তুলনায় কর দাতার সংখ্যা খুবই কম। সামর্থ্য আছে এমন অনেক লোকই সরকারকে কর দেননা। তাদের ধরার বিষয়টিও আগামী বাজেটে বিবেচনায় আনা হবে।"
কর কর্মকর্তাদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রস্তাব করা হয়েছে জানিয়ে আবদুল মজিদ বলেন, "পে কমিশনকে আমি বলেছি দেশের কর কর্মকর্তাদের সমাজ কল্যাণ বা অন্য কোন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তুলনা করলে হবেনা। তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়িয়ে আলাদা বেতন কাঠামো দিতে হবে।"
এসব কর্মকর্তাদের বেতন ভাতা বাড়ানো হলে রাজস্ব আদায় বাড়াতে তারা আরো বেশি অবদান রাখবেন বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান।
সভায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, চ্যানেল আই পরিচালক ফরিদুর রেজা সাগর, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পি, নিউনেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, রেডিও টুডের রফিকুল হকসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এলএইচ/এএল/জিএনএ/১৫৩৮ ঘ.
bdnews24