২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা চাইলেন বিএমপি কর্মকর্তা

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন সদ্য যোগ দেওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার আব্দুর রহিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

বরিশাল, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন সদ্য যোগ দেওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার আব্দুর রহিম। সোমবার দুপুরে নগরীর পলিটেকনিক রোডের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পুলিশ কর্মকর্তা রহিম বলেন, তিনি বরিশালে নতুন এসেছেন। এখানকার পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে তেমন কোন ধারনা নেই তার। তাই যে কোন প্রয়োজনে তার সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) কাজী মোরতাজ আহমেদ, সহকারী কমিশনার (কোতয়ালী) হায়াতুল ইসলাম খান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় ও জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারকে সব ধরনের সহযোগিতা দেবেন বলে জানান। গত সপ্তাহে বিএমপি কমিশনার এম আকবর আলীকে ওএসডি করা হয়। এরপর থেকে বিএমপি কমিশনারের অতিরিক্ত দায়িত্বে ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কাজী মোরতাজ আহমেদ। শুক্রবার বিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার পদে যোগ দেন আব্দুর রহিম। এর আগে তিনি খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বিএমপি'র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২২ ঘ.