২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি-র হলে বৈধ ছাত্রের অবস্থান নিশ্চিত করার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বৈধছাত্রদের অবস্থান এবং অছাত্ররা যাতে হলে থাকতে না পারে তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বৈধছাত্রদের অবস্থান এবং অছাত্ররা যাতে হলে থাকতে না পারে তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় সব প্রাধ্যক্ষকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স. আরেফিন সিদ্দিকির সভাপতিত্বে সোমবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিটি হলে পরিচয়পত্রের মাধ্যমে বৈধ শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করা হবে। বৈধ হয়েও কারো হলে উঠতে সমস্যা হলে হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তা জানালে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। অধ্যাপক সাইফুল ইসলাম খান জানান, যারা অবৈধভাবে পরিচয়পত্র ছাড়া হলে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে 'সহাবস্থান' নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদলের ৬ দফা দাবিতে ২৯ তারিখ ছাত্র ধর্মঘট আহবানের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছাত্র দলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন প্রতিক্রিয়ায় বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না। আমরা এর বাস্তবায়ন দেখতে চাই।" তিনি আরো বলেন, হলে অবস্থান ৬টি দাবির একটি মাত্র। তাই দাবিপূরণের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১৫০ঘ.