চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাসকে প্রাণনাশের হুমকি দিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর নামে চিঠি দেওয়া হয়েছে।
সোমবার সাংসদের কাছ থেকে চিঠিটি পেয়ে তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, খুলনা থেকে জেএমবির নামে ডাকে পাঠানো হুমকি সংবলিত চিঠিটি গত শনিবার (২১ মার্চ) সাংসদ ওদুদ বিশ্বাসের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। কিন্তু ওই সময় ঢাকায় থাকায় তিনি তা পাননি। সোমবার চাঁপাইনবাবগঞ্জ এসে তিনি চিঠিটি পেয়েই থানায় পাঠিয়ে দেন।
কারো নাম স্বাক্ষরবিহীন এবং হাতে লেখা ওই চিঠিতে ওদুদ বিশ্বাসকে উদ্দেশ্য করে বলা হয়, "আমরা বিভিন্নভাবে নিশ্চিত হয়েছি যে, আপনি আমাদের সংগঠনের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছেন। এমনকি পুলিশ দিয়ে তাদের গ্রেপ্তারও করাচ্ছেন। আপনার এমন তৎপরতা বন্ধ না হলে আগামী সাতদিনের মধ্যে গাড়িতে বোমা হামলা চালিয়ে আপনাকে হত্যা করা হবে।"
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রনিধি/ডিডি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24