বরগুনা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া বাজারে মঙ্গলবার রাতে আগুনে ১৮টি দোকান পুড়ে গেছে।
বেতাগী উপজেলা চেয়ারম্যান এ বি এম গোলাম কবির জানান, রাত আড়াইটার দিকে আগুন লাগে। এতে ১৮টি দোকানসহ বেশ কয়েকটি টং ঘর পুড়ে গেছে। পরে দমকলের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকলের স্টেশন মাস্টার এসএমএ জালাল জানান, খবর পেয়ে রাত ৩টার দিকে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কোনো কারণ তিনি জানাতে পারেননি তিনি।
তিনি জানান, আগুনে ২৫ লাখ টাকার মতো ক্ষতি হতে পারে। তবে ব্যবসায়ীরা ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে জানান।
মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী নাফিজুর রহমান চুন্নু জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় মোকামিয়া বাজারের এই ঘরগুলো ভেঙ্গে দেওয়া হয়েছিল। গত ছয়মাস আগে ব্যবসায়ীরা নতুন ঘর তুলে ব্যবসা শুরু করেন।
এ ব্যাপারে বেতাগী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
রাতেই বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. এম এ পারভেজ রহিম মোকামিয়া বাজার পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24