ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ ছয়টি বিভাগীয় শহর ও শ্রম-ঘন এলাকাগুলোতে ১ এপ্রিল থেকে মাসব্যাপী শুরু হচ্ছে খোলা বাজারে চাল বিক্রয় (ওএমএস) কার্যক্রম।
খাদ্য মন্ত্রণালয়ে এক সভায় বুধবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
খাদ্য পরিধারণ ও পরিকল্পনা কমিটির ওই সভার পর খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, প্রতি কেজি চাল ১৮ টাকা দরে বিক্রি করা হবে।
মন্ত্রী বলেন, "ছয়টি বিভাগীয় শহর, শ্রম-ঘন এলাকা নারায়ণগঞ্জ ও খুলনার খালিশপুর এ কার্যক্রমের আওতায় আসবে। সরকারি ডিলারের মাধ্যমে তা পরিচালিত হবে।"
বোরো মৌসুমের ফসল ওঠার আগে পর্যন্ত বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হলো।
গম সংগ্রহের সিদ্ধান্ত
এছাড়া ১ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কৃষকদের কাছ থেকে সরাসরি গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি গমের সংগ্রহ দাম ধরা হয়েছে ১৬ টাকা।
কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জানান, গত ২২ ফেব্র"য়ারি কমিটির এক সভায় অভ্যন্তরীণ বাজার থেকে গম সংগ্রহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ তখন দেশের অভ্যন্তরে দাম বেশি ছিল।
মন্ত্রী বলেন, "বর্তমানে দেশের বিভিন্ন জেলায় গম উঠতে শুরু করায় বাজারে দাম অনেক কমে গেছে। বর্তমানে বাজারে প্রতিকেজি ১০ থেকে ১১ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ উৎপাদন ব্যয় হয়েছে কেজিপ্রতি প্রায় ১৭ থেকে ১৮ টাকা। তাই কৃষকদের উৎসাহিত করতে এবং আগামীতে গম উৎপাদন অব্যাহত রাখতে সরকার গম কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে কৃষকরা তাদের উৎপাদিত গমের ন্যায্য মূল্য পাবে।"
মন্ত্রী জানান, সরকারের ৫০ হাজার থেকে এক লাখ মেট্রিক টন গম সংগ্রহের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, তিন সপ্তাহে যতটা সম্ভব তা সংগ্রহ করা হবে।
সরকার সরাসরি কৃষকদের থেকে গম সংগ্রহে জোর দেবে বলেও জানান তিনি।
খাদ্য মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষি মতিয়া চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০১০ঘ.
bdnews24