ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বৃষ্টি কম হওয়া, আকশে মেঘ না থাকার কারণে গরম বাড়ছে। বাড়ছে গরম জনিত রোগব্যধি।
আবহাওয়া অধিদপ্তরের মূখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরম অনুভূত হলেও তাপমাত্রা অস্বাভাবিক না। স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে।
তিনি বলেন, এপ্রিল- মে মাস বাংলাদেশের উষ্ণ মাস। এখন থেকে তাপমাত্রা উঠানামার মধ্যেই থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে। বৃষ্টির পর আবার তাপমাত্রা উঠতে থাকবে। এ সময়টাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়।
সুজিত কুমার দেব শর্মা বলেন, পশ্চিমা ও পূবালী বায়ু প্রবাহের যথাযথ মিলন না হওয়ার কারণে বৃষ্টি হম হচ্ছে। পাশাপাশি দখিনা বায়ু প্রবাহও দুর্বল।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এ দিন সীতাকুণ্ডে সর্বোচ্চ ৩৬ দশকিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ আয়েশা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন বৃষ্টি কম হচ্ছে। আকাশে মেঘ নেই। এ কারণে সূর্যের কিরণ সরাসরি এসে ভূপৃষ্টে পড়ছে। তাই গরম অনুভূত হচ্ছে।
তিনি বলেন, এ মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম। তবে এ সময়ের আবহাওয়া দ্রুত পরিবর্তন শীল। দখিনা বায়ু প্রবাহ শুরু হলেই বৃষ্টি হবে। কারণ এ বায়ু প্রবাহ সাগর থেকে জ্বলীয়বাষ্প নিয়ে আসে। তাই এটি বৃষ্টিপাতি ঘটিয়ে থাকে। বর্তমানে পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে। এতে জ্বলীয়বাষ্পের পরিমান কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/১৩৩২ ঘ.
bdnews24