২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরে ১০ হাজার প্রোগ্রামার তৈরির উদ্যোগ নেবে সরকার

দেশে বছরে ১০ হাজার কম্পিউটার প্রোগ্রামার তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত 'বিসিএস ডিজিটাল এক্সপো ২০০৯' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বছরে ১০ হাজার কম্পিউটার প্রোগ্রামার তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত 'বিসিএস ডিজিটাল এক্সপো ২০০৯' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।। তিনি বলেন, "দেশে বছরে ১০ হাজার কম্পিউটার প্রোগ্রামার তৈরি করতে যা যা করা দরকার তার সবই সরকার করবে। আগামী প্রজন্মকে তথ্যপ্রযুক্তি নির্ভর প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য ২০১৩ সালের মধ্যে মাধ্যমিক স্তরে এবং ২০২১ সাল নাগাদ প্রাথমিক স্তরে আইটি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।" শেখ হাসিনা বলেন, বিশ্বায়ন আমাদের সামনে একইসঙ্গে চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এসেছে। আমরা যদি এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই তাহলে আমাদের তথ্য প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে হবে। তথ্য প্রযুক্তি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, "২০২১ সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। আমরা ২০২১ সালের বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত আধুনিক ডিজটাল বাংলাদেশ হিসাবে দেখতে চাই। "আমি আশা করবো ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন।" সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে সব ধরণের সহায়তার আশ্বাস দেন তিনি। দেশে ই-গভর্নেন্স চালু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সংকট সম্পর্কে তিনি বলেন, আগের মেয়াদে আমরা বিদ্যুৎ উৎপাদন ১৬০০ মেগাওয়াট থেকে ৪৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিলাম। এরপর আর বাড়েনি। শুনেছি হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। কী পেয়েছি জানি না। আমরা বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা নিয়েছি। জনগণ এর সুফল পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ২০২১ সালের পর পোশাক শিল্পের পর তথ্য প্রযুক্তি খাতই সবচেয়ে বেশি আয় করবে, জনবল নিয়োগ করবে। কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। দেশে প্রথমবারের মতো কম্পিউটার সংশ্লিষ্ট পণ্যের পাশাপাশি নিত্য ব্যবহার্য অন্যান্য ডিজিটাল পণ্য ও প্রযুক্তি বিপণন এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের চারদিনের এ এক্সপোতে ৫৪টি প্রতিষ্ঠানের ১৬টি প্যাভিলিয়ন ও ৬২টি স্টল রয়েছে। মেলায় তথ্য প্রযুক্তি বিষয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে। ২৮ মার্চ মেলা শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/২২০১ঘ.