ঢাকা মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসকে সামনে রেখে ঢাকা মহানগরীসহ দেশের জেলা শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া শহীদ মিনার ও স্মৃতিসৌধেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানী ঢাকা শহরের বিশেষ স্থাপনাগুলো ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজার পুলিশ ও দেড় হাজার র্যাব সদস্য কাজ করবেন।
ঢাকার বাইরের জেলা শহরগুলোর ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও র্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
স্বাধীনতা দিবসে রাজধানীসহ সারাদেশের শহরগুলোতে প্রতিবছর দিনভর চলে নানা অনুষ্ঠান। আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর মত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন বহু মানুষ।
দেশে সম্ভাব্য জঙ্গি হামলার বিরাজমান আশঙ্কার মধ্যে এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া হচ্ছে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
গত কয়েকবছরে বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে বড় কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে যার জন্য জঙ্গি ইসলামী গোষ্ঠীকে সন্দেহ করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতোমধ্যেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আমাদের নিয়মিত দলগুলো তো কাজ করবেই। তবে এ সময়ে তারা আরো বাড়তি সতর্কতার সাথে দায়িত্ব পালন করবে।"
র্যাবের উপ-পরিচালক (অপারেশন) মেজর হামদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাধীনতা দিবসে রাজধানীতে আমাদের অতিরিক্ত প্রায় দেড়হাজার সদস্য কাজ করবে। এছাড়া স্মৃতিসৌধ, শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এবং বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া আমরা ব্যাটেলিয়নগুলোকে নির্দেশ পাঠিয়েছি, যাতে তারা স্ব স্ব এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দিনের অনুষ্ঠানমালার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।"
মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাধীনতা দিবসের সময় এমনিতেই শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা বাড়ানো হয়। এ বছরে ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল দলগুলোর পাশাপাশি অতিরিক্ত প্রায় দুইহাজার নিরাপত্তা কর্মী কাজ করবে। ঢাকার বাইরের জেলাগুলোয় নিরাপত্তার ক্ষেত্রে স্থানীয়ভাবে র্যাব ও পুলিশ সদস্যরা নিরাপত্তার ব্যবস্থা নেবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসকে/২৩১১ঘ.
bdnews24