ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযম, নিজামী, মুজাহিদ, সাইদীসহ ৩৬ জনের বিরুদ্ধে করা যুদ্ধাপরাধী ঘোষণার মামলার বাদিকে জেনেভা কনভেনশনসহ যুদ্ধাপরাধ সংক্রান্ত আইনের অনুলিপি দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার ঢাকার নবম সহকারী জজ আদালতের বিচারক মো. ইফতেখার আহম্মেদ বাদি পক্ষের আইনজীবীদের এ আদেশ দেন।
বিচারক আগামী ২০ এপ্রিল সংশ্লিষ্ট আইনের অনুলিপি দাখিল এবং শুনানির দিন ধার্য করেছেন।
গত বছরের ১৩ নভেম্বর ঢাকার জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন আইনজীবী লিটন মিয়া, মো. সাফায়েত হোসেন ও আইনজীবী রাজীব আহমেদ।
মামলায় গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদী, সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ ৩৬ জনকে বিবাদি করা হয়।
বর্তমানে মামলাটি চলতে পারে কি না- এ ব্যাপারে শুনানি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২৩৩০ঘ.
bdnews24