ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতার ব্যাপারে সতর্ক থেকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
পৃথক বাণীতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ছিল এদেশকে 'সোনার বাংলা'য় পরিণত করা। সে লক্ষ্য অর্জনে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।"
তিনি আরো বলেন, " স্বাধীনতার মূল লক্ষ্যে পৌঁছতে আমাদের আরো অনেক দূর যেতে হবে। এজন্য প্রয়োজন গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "স্বাধীনতার পরাজিত শত্র"রা এখনও তাদের হিংস্র নখর নিয়ে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। অতীতের মত এখনও তারা জাতীয় প্রগতি ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। তাদের যে কোন অপতৎপরতা নস্যাৎ করার জন্য দেশবাসীকে আমি ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি।"
তিনি আরো বলেন, "রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত মহান স্বাধীনতা জাতি হিসেবে আমাদের শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে অর্থপূর্ণ করতে মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বস্তরে পৌঁছে দিতে হবে। একইসঙ্গে সমাজের আপামর জনসাধারণের জন্য ন্যায়বিচার, সুশাসন ও উন্নত জীবনমান নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করতে হবে।"
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি উভয়ই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসী এবং বিদেশে বসবাসরত সব বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24