ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বৃষ্টি কম হওয়া, আকশে মেঘ না থাকার কারণে গরম বাড়ছে। বাড়ছে গরম জনিত রোগব্যধি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। খুলনা বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের মূখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরম অনুভূত হলেও তাপমাত্রা অস্বাভাবিক নয়। স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে।
তিনি বলেন, এপ্রিল- মে মাস বাংলাদেশের উষ্ণ মাস। এখন থেকে তাপমাত্রা উঠানামার মধ্যেই থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে। বৃষ্টির পর আবার তাপমাত্রা উঠতে থাকবে। এ সময়টাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়।
সুজিত কুমার দেব শর্মা বলেন, পশ্চিমা ও পূবালী বায়ু প্রবাহের যথাযথ মিলন না হওয়ার কারণে বৃষ্টি হম হচ্ছে। পাশাপাশি দখিনা বায়ু প্রবাহও দুর্বল।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এ দিন সীতাকুণ্ডে সর্বোচ্চ ৩৬ দশকিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ আয়েশা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন বৃষ্টি কম হচ্ছে। আকাশে মেঘ নেই। এ কারণে সূর্যের কিরণ সরাসরি এসে ভূপৃষ্টে পড়ছে। তাই গরম অনুভূত হচ্ছে।
তিনি বলেন, এ মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম। তবে এ সময়ের আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। দখিনা বায়ু প্রবাহ শুরু হলেই বৃষ্টি হবে। কারণ এ বায়ু প্রবাহ সাগর থেকে জ্বলীয়বাষ্প নিয়ে আসে। তাই এটি বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। বর্তমানে পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে। এতে জ্বলীয়বাষ্পের পরিমাণ কম।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের অন্যত্র এ অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, কৃমিল্লা অঞ্চলসহ রাজশাহী ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বর্জ্র বৃষ্টি হতে পারে। আকাশ আশিংক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এদিকে গরমের কারণে রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের হাসপাতালের লংগার স্টে ইউনিটের প্রধান ডা. শাহদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগী মাঝে কমে আসলেও তাপমাত্রা বাড়ার কারণে আবার বাড়তে শুরু করেছে। গরম ও দূষিত পানি পানের কারণেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
তিনি বলেন, সাধারণত মার্চের শেষ বা এপ্রিলের শুরু দিকে রোগী বাড়তে শুরু করে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৬৬ জন ভর্তি হয়েছে। এর আগে মঙ্গলবার ৭০৫ জন এবং সোমবার ৭২১ জন ভর্তি হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/০০৪০ঘ.
bdnews24