২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল মুক্তিযুদ্ধ জাদুঘর চট্টগ্রাম

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ছয় মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল মুক্তিযুদ্ধ জাদুঘর চট্টগ্রাম ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---স্বাধীনতা দিবসের প্রাক্কালে ছয় মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল মুক্তিযুদ্ধ জাদুঘর চট্টগ্রাম । বুধবার বিকালে নগরীর সার্সন রোডে জাদুঘর কার্যালয়ে স্বাধীনতা সংগ্রাম সংগঠিত করা এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এ সম্মাননা জানানো হয়। সম্মানিত মুক্তিযোদ্ধারা হলেন- মুক্তিযুদ্ধকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি এম আর সিদ্দিকী, সাধারণ সম্পাদক এম এ হান্নান, নগর আওয়ামী লীগের সভাপতি জহুর আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী এম এ মান্নান, সাংবাদিক ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ খালেদ এবং চট্টগ্রামে সংগঠিত বিভিন্ন যুদ্ধের পরিকল্পনাকারী এনায়েত মওলা। এদের প্রথম পাঁচজনই একাত্তর সালে চট্টগ্রামে গঠিত 'আওয়ামী লীগ সংগ্রাম পরিষদের' সদস্য ছিলেন। অনুষ্ঠানে সংগ্রাম পরিষদের পাঁচ নেতার মধ্যে জীবিত এম এ মান্নান ও মুক্তিযোদ্ধা এনায়েত মওলা উপস্থিত ছিলেন। অন্য চার সংগঠক ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। জহুর আহমদ চৌধুরীর পক্ষে তার পুত্র মাহতাব উদ্দিন চৌধুরী, এম এ হান্নানের পক্ষে তার পুত্র এস এম মাহফুজ, অধ্যাপক মোহাম্মদ খালেদের পক্ষে তার সন্তান মোহাম্মদ জহিরের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সবাইকে ফুল ও একটি করে সম্মাননাপত্র দেওয়া হয়। জাদুঘরের ট্রাস্টি অ্যাডভোকেট রানা দাশগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। সম্মাননার জবাবে সাবেক মন্ত্রী এম এ মান্নান বলেন, "স্বাধীনতার যে চেতনা নিয়ে যুদ্ধ শুরু হয়েছে সে যুদ্ধ এখনো শেষ হয়নি। স্বাধীনতা ভৌগোলিকভাবে পেলেও বাঙালির প্রকৃত মুক্তি এখনো হয়নি"। স্মৃতিচারণ করে তিনি বলেন, "একাত্তরে সবচেয়ে বড় যুদ্ধ চট্টগ্রামে সংগঠিত হয়েছিল।" এ প্রসঙ্গে তিনি নৌ কমান্ডোদের দুঃসাহসী অপারেশনের কথা উল্লেখ করেন। সংবর্ধিত অপর মুক্তিযোদ্ধা এনায়েত মওলা অনুষ্ঠানে বলেন, "অস্ত্র হাতে যারা সামনে এগিয়ে গেছে তাদের সাহায্যের জন্য আরো অনেকের অবদান আছে। তাই সবাই মুক্তিযোদ্ধা।" তিনি ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধাদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। মুক্তিযুদ্ধ জাদুঘরের নির্বাহী ট্রাস্টি ফারুক-ই-আজম বীর প্রতীকের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১৪৩ঘ.