২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টনী

স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তৈরি করা হচ্ছে পাঁচ স্তরবিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

সাভার, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তৈরি করা হচ্ছে পাঁচ স্তরবিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী। স্মৃতিসৌধের ভেতরে বিভিন্ন স্থানে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও পুলিশ সদস্যরা। সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাধীনতা দিবসে জঙ্গি হামলার আশঙ্কায় এবার জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।" সহকারী পুলিশ সুপার জানান, এ উদ্দেশ্যে একটি মহড়াও সম্পন্ন হয়েছে বুধবার। এজন্য দেশের বিভিন্ন জেলা থেকে তিন হাজারের বেশি পুলিশ সদস্য আনা হয়েছে বলে জানান তিনি। কর্মকর্তা আরও জানান, বুধবার মধ্যরাত থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট, আমিনবাজার এবং সালেপুর সেতুর নিচে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। নাশকতামূলক বা যেকোনো ধরনের জঙ্গি তৎপরতা প্রতিরোধ করার জন্য এসব পয়েন্টে প্রতিটি গাড়ি তল্লাশি করা হবে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য এই এলাকায় অবস্থানকালে ঢাকা-আরিচা মহাসড়ক এবং নবীনগর-কালিয়াকৈর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২১৩১ঘ.