নওগাঁ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর মান্দা উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ধসে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত অর্ধ শতাধিক।
নিহত শিশুর নাম- হামিদুর রহমান (১২)।
নওগাঁর পুলিশ সুপার মো. মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মান্দা উপজেলার কালিগ্রাম দো ডাঙ্গি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মাঠে জায়গা না পেয়ে দর্শকরা পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনের টিনের চালায় ওঠে।
অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে ভবনের টিনের চালা ও দেয়াল ধসে পড়লে অর্ধ শতাধিক লোক আহত হন।
আহতদের মধ্যে হামিদুর রহমানকে মান্দা হাসপাতালে ভর্তি করার পর সেখানে সে মারা যায়।
গুরুতর আহতদের মধ্যে নয়জনকে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে পাঁচজনকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের বাকিদের মান্দা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আহসান হাবিব তালুকদার ও উপজেলা চেয়ারম্যান একরামুল বারী টিপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬২৫ ঘ.
bdnews24