ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলীতে দু'জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- আক্তার হোসেন (২৫) ও জাবেদ (২৫)। তারা কদমতলীর ইস্টার্ন এশিয়া প্রিন্টিং ফ্যাক্টরিতে কাজ করতেন।
আক্তারের গ্রামের বাড়ি দিনাজপুরে। জাবেদের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে।
ওই প্রেসের অপর কর্মী মামুনুর রশীদ জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বৈদ্যুতিক মটর চালাতে গিয়ে ওই দু'জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এ অবস্থায় রাত ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মামুন জানান, ওই কারখানায় কাপড়ে ছাপ দেওয়ার কাজ করা হয়। কদমতলীর ১২ নম্বর সড়কের ১৬ নম্বর প্লটে অবস্থিত কারখানাটির মালিক মোশাররফ হোসেন।
কদমতলী থানায় যোগাযোগ করা হলে সহ-পরিদর্শক গোলাম মোস্তাকিম জানান, পুলিশ এখনও এ বিষয়ে কিছু জানে না। খোঁজ নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এইচএ/২২৫০ঘ.
bdnews24