ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল কাদের (২২) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
টহল পুলিশ বৃহস্পতিবার শেষ রাতে মধ্য বাড্ডার লিংক রোড থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শুক্রবার ভোরে তিনি মারা যান।
সন্ত্রাসীরা আব্দুল কাদেরের কাছ থেকে ১টি মোবাইল ফোন সেট ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাদের পরিবারের সদস্যদের নিয়ে মধ্য বাড্ডার একটি বাসায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে ব্যবসার কাজে তিনি বাসা থেকে বের হয়ে স্থানীয় বাজারের দিকে রওয়ানা হন। পথে মটরসাইকেল আরোহী তিন যুবক কিছু সময় কাদেরের সঙ্গে কথা বলে। এক পর্যায়ে তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে কাদেরের পেটে আঘাত করে। কাদের দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর আবারও পেট ও বুকে আঘাত করলে কাদের মাটিতে লুটিয়ে পড়েন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দীন হাওলাদার জানান, আব্দুল কাদের একজন সব্জি বিক্রেতা। প্রধান সড়কে তার ওপর এভাবে হামলা হওয়ার কথা নয়। হামলার আগে মটরসাইকেল আরোহীরা তার সঙ্গে কথা বলেছে। তাই একে নিছক ছিনতাইয়ের ঘটনা বলা যাবে না।
পুলিশ কর্মকর্তা বলেন, আগের কোনো শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এএনএস/টিআর/২২৫৯ ঘ.
bdnews24