২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো পতাকা উত্তোলন করায় খাগড়াছড়িতে একজন গ্রেপ্তার

স্বাধীনতা দিবসে কালো পতাকা উত্তোলন করায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কালো পতাকা উত্তোলনকারী প্রতিষ্ঠানের সব মালামাল বাজেয়াপ্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 07:17 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

খাগড়াছড়ি, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-স্বাধীনতা দিবসে কালো পতাকা উত্তোলন করায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কালো পতাকা উত্তোলনকারী প্রতিষ্ঠানের সব মালামাল বাজেয়াপ্ত করা হয়। বৃহস্পতিবার উপজেলা বাজারের প্রধান সড়কে স্থানীয় সাথী ক্লাব কার্যালয়ের সামনে জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উড়ানো হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টা ৩০ মিনিটে সদর মহালছড়ি বাজার সংলগ্ন সাথী ক্লাব কার্যালয়ের সামনে জাতীয় ও ক্লাবের পতাকার পাশাপাশি কালো পতাকা উড়তে দেখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘটনাটি প্রশাসনকে জানান। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি তাৎক্ষণিক সেনাবাহিনীকে জানালে আর পি হাবিলদার মো. সিদ্দিকের নেতৃত্বে একটি দল মো. ইসমাইল আহমেদকে আটক করে থানায় সোপর্দ করে। পরে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনাস্থল ওই ক্লাবের সব মালামাল জব্দ করেন। এ ব্যাপারে জেলার সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. তারেক বলেন, "কে বা কারা পতাকা উড়িয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মো. ইসমাইল আহমেদকে জিজ্ঞাসাবাদ চলছে। দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে।" প্রত্যক্ষদর্শী মো. হুমায়ুর কবীর ও ব্যবসায়ী মো. হোসেন সওদাগর জানান, সারাদেশে স্বাধীনতা দিবসে শহীদদের সম্মান করা হয়। সেখানে কালো পতাকা উড়িয়ে তাদের অসম্মান করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এদিকে স্বাধীনতা দিবসে জেলার চেঙ্গিস স্কয়ারে স্বাধীনতা স্তম্ভ স্মৃতিসৌধে সূর্যোদয়ের আগে ভোরে যথাযোগ্য মর্যাদায় পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় খাগড়াছড়ির সাংসদ জ্যোতিন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কারবারী, জেলা প্রশাসক এ কে এম খায়রুল আলম, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পার্ঘ অর্পণ করে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি স্টেডিয়ামে কুচকাওয়াজের আয়োজন করা হয় । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএ/০১১৫ঘ.