মৌলভীবাজার, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহসড়কের মৌলভীবাজার জেলা শহরের কুসুমবাগ পয়েন্টে শনিবার পিকআপ চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার এক সহপাঠি।
নিহত ছাত্রের নাম কাওসার আহমদ (১৪)। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের বনগাঁও গ্রামের লেবু মিয়ার ছেলে।
কাওসার শমসেরনগর রোডের আব্দুল আজিজ মিয়ার বাসায় ভাড়া থেকে মাদ্রাসায় লেখাপড়া করতো।
গুরুতর আহত অপর ছাত্র শামীম আহমদ (১৫)। তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাউন সিনিওর মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র কাওসার সকাল সাড়ে ৭টার দিকে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। বাইসাইকেলের পেছনে বসা ছিল প্রতিবেশী ও একই শ্রেণীর ছাত্র শামীম।
এসআই জব্বার বলেন, পথে পেছন দিক থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী পিকআপ তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে কাওসার মারা যায় এবং শামীম গুরুতর আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই দুপুরে কাওসারের লাশ তার মামা আনোয়ার খাঁন নিয়ে গেছেন।
আনোয়ার খাঁন বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেছেন বলে জানান এসআই জব্বার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫৪৭ ঘ.
bdnews24