চাঁদপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইনের লোক পরিচয় দিয়ে শুক্রবার রাতে চাঁদপুরে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে।
এ সময় তাদের হামলায় আহত হয়েছেন চারজন।
এরা হলেন- মনোয়ারা বেগম (২২), সেলিনা বেগম (২৫), মিনু বেগম (২৩) ও সিদ্দিকুর রহমান (৩২)।
এদের মধ্যে মিনুকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি তিনজনকে ভর্তি করা হয়েছে চাঁদপুর সদর হাসপাতালে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার গভীর রাতে সদর উপজেলার পশ্চিম সকদী ও ঘাসিপুর এলাকা এবং ফরিদগঞ্জের পশ্চিম সকদী রামপুর এলাকার তিনটি বাড়ির ছয়টি ঘরে ডাকাতি হয়।
তিনি জানান, ডাকাতরা এসব বাড়িতে আইনের লোক পরিচয় দিয়ে প্রবেশ করে। তারা মুখোশ ও হাফ প্যান্ট পরা ছিল।
এসআই রহিম বলেন, ডাকাতরা পশ্চিম সকদী এলাকার কামরুল ইসলাম শাকিল ও তার চাচার ঘর থেকে আটটি মোবাইল ফোন সেট, এক হাজার ডলার এবং ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, ডাকাত দল ঘাসিপুর এলাকার খালেক মিজি, আতর আলী ও সিদ্দিকুর রহমানের ঘরে ঢুকে আট ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল সেট ও নগদ ৩৬ হাজার টাকা নিয়ে যায় বলেও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
এছাড়া ফরিদগঞ্জের পশ্চিম সকদী রামপুর এলাকার মোস্তফা কাজীর বাড়ি থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল সেট ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে গেছে বলে পরিবারের লোকজন দাবি করেছে।
ডাকাতির ঘটনার তদন্ত এবং ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানান এসআই রহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24