নোয়াখালী, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামের বাড়িতে শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে।
ঘটনার সময় জয়নাল আবদিন ফারুক ঢাকায় ছিলেন।
ডাকাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাড়িতে ডাকাতিই প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা।
জয়নাল আবদিন অভিযোগ করেন, "খবর পাওয়ার পরও যে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যেতে ৬/৭ ঘন্টা দেরি করে তারা এলাকার আইনশৃঙ্খলার কি নিয়ন্ত্রণ করবে?"
পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা জানান, রাত পৌনে ৩টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত চিফ হুইপের বসতঘরের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে তার ভাতিজা শাহাদাত হাসান আনসারী তিতুমির (৩১) এবং তার স্ত্রী আলমাস সুলতানা শোভা (২২) ও শ্যালিকা শাহিদা সুলতানাকে (১৫) জিম্মি করে ডাকাতরা ১৫ ভরি স্বর্ণাংলকার, নগদ দুই লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। তারা ঘরের অন্য মালামালও তছনছ করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, এ ঘটনায় শাহাদাত হাসান আনসারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৪ ঘ.
bdnews24