বগুড়া, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শনিবার সকালে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত দুজন হলেন- টিপু (২৩) ও তার স্ত্রী মিতু (১৮)। টিপু কাহালু উপজেলার বুলুর ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, প্রাথমিক তদন্তের আমরা ধারণা করছি মিতুকে শ্বাসরোধে হত্যার পর টিপু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। টিপু চিঠি লিখে স্ত্রী হত্যার দায় স্বীকার করেছেন।
তিনি জানান, ওই চিঠিতে লেখা আছে- 'মিতুর বাবা-মা ভাল না। তাই মিতুকে নিয়ে চলে গেলাম। সব দোষ আমার। মিতু ভাল, আমি খারাপ'।
ওসি বলেন, "আপাতদৃষ্টিতে ঘটনাটি এ রকম ধারণা করা হলেও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে মূল ঘটনা কি। চিঠিটা টিপুর হাতে লেখা কি না তাও দেখা হবে।"
তিনি জানান, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর দুটি মামলা হয়েছে। লাশ দুটি ময়না তদন্তও সম্পন্ন হয়েছে।
টিপুর বড় ভাই সোহেল সাংবাদিকদের জানান, শুক্রবার কাহালু থেকে টিপু ও তার স্ত্রী বগুড়া শহরের চকসুত্রাপুরের বাসায় আসেন। প্রায় একবছর আগে তাদের বিয়ে হয়েছিল।
মাঝে মাঝেই টিপু ও মিতুর মধ্যে ঝগড়া বিবাদ হতো বলে সোহেল দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৮ ঘ.
bdnews24