খুলনা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার তেরখাদা উপজেলা সদরে একটি খালে মাটি কাটার সময় শনিবার দুপুরে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
নিহতরা হলেন- কোমর শেখ (৪০), সাধু শেখ (৪৫) ও গোলাম রসুল (৪০)। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদের বাড়ি উপজেলার কাছিকাটা গ্রামে।
আহতদের মধ্যে বাবুল শেখ (৪০) ও ফরিদ খাঁকে (৪৫) প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনার জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম জানান, উপজেলা সদরের বাসিন্দা ইখড়ি কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইমান আলী তার বাড়ি উঁচু করতে শনিবার সকাল থেকে পার্শ্ববর্তী খাল থেকে মাটি কেটে আনার জন্য পাঁচজন শ্রমিককে নিযুক্ত করেন।
দুপুর ২টার দিকে হঠাৎ করে খাল পাড়ের মাটি ধসে পাঁচ শ্রমিকের মাথার ওপর পড়ে।
তিনি জানান, দুপুর ৩টার দিকে তেরখাদা থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।
স্থানীয় সংসদ সদস্য মোল্লা জালালউদ্দীন ও উপজেলা চেয়ারম্যান শরফুদ্দীন বিশ্বাস বাচ্চু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.
bdnews24