২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সত্যেন সেন গণসঙ্গীত উৎসব অনুষ্ঠিত

'দ্রোহের বীণায় বেজে উঠুক অসুরনাশী গান' এই শ্লোগানকে সামনে রেখে শনিবার অনুষ্ঠিত হলো 'সত্যেন সেন গণসঙ্গীত উৎসব' ও 'জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা'। বিকেল সাড়ে তিনটায় ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন গণসঙ্গীত শিল্পী অজিত রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'দ্রোহের বীণায় বেজে উঠুক অসুরনাশী গান' এই শ্লোগানকে সামনে রেখে শনিবার অনুষ্ঠিত হলো 'সত্যেন সেন গণসঙ্গীত উৎসব' ও 'জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা'। বিকেল সাড়ে তিনটায় ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন গণসঙ্গীত শিল্পী অজিত রায়। এসময় জাতীয় পতাকা এবং উদীচীর পতাকা উত্তোলন করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী অজিত পান্ডে। অজিত রায় ছিলেন প্রধান অতিথি। অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি গুলিস্তানের জিরো পয়েন্ট হয়ে আবার নাট্যমঞ্চে এসে শেষ হয়। অজিত পান্ডে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদীচী বহুদিন ধরে অন্যায়- অবিচারের বিরুদ্ধে সংস্কৃতিকে হাতিয়ার ব্যবহার করে সুন্দর সমাজ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষক- শ্রমিক- মজুরের গান তাদের মধ্যে জনপ্রিয় করে তোলার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, "এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমার এটুকুই বলার আছে 'আমরা করব জয়'।" অনুষ্ঠানের অন্যতম অতিথি ও উদীচীর সাবেক সভাপতি যতীন সরকার বলেন, "সত্যেন সেনের নামে উৎসব করে উদীচী তার প্রতিষ্ঠাতার কাছে নিজের জন্মের ঋণ স্বীকার করলো বলে আমার মনে হয়।" প্রধান অতিথি অজিত রায় বলেন, "এক কঠিন সময়ে সত্য- সুন্দরের পক্ষে উদীচী সাধারণ মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি এর সাফল্য কামনা করছি।" অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে ছিল বিকেল চারটায় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম মোহাম্মদ পিনু। আলোচক ছিলেন ড. মৃদুল কান্তি চক্রবর্তী, ফকির আলমগীর ও শিমুল ইউসুফ। বিকেল পাঁচটায় দলীয়ভাবে গণসঙ্গীত পরিবেশন করে উদীচী, ক্রান্তি, বহ্নি শিখা, চিৎকার এবং সারগাম। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন অজিত পান্ডে, শাহীন সামাদ, শিমুল ইউসুফ, বিপুল ভট্টাচার্য, মলয় কুমার গাঙ্গুলী, মাহমুদ সেলিম, ফকির আলমগীর এবং কফিল আহমেদ। নৃত্য পরিবেশন করেন নটরাজ। উদীচীর প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, উদীচীর সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা'র আহবায়ক অধ্যাপক বদিউর রহমান, সংগঠনের বর্তমান সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব সেলিম প্রমুখও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উদীচীর সাধারণ সম্পাদক এবং অনুষ্ঠানের সদস্য সচিব হাবিবুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএফএস/টিআর/এসকে/২০১৫ঘ.