ঢাকা মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার রাতে রাজধানীতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সদ্য চালু হওয়া বেসরকারি টিভি চ্যানেল দেশটিভির চিফ ভিডিও এডিটর আফতাব খোকন।
যাত্রাবাড়ির ধলপুরে তেলবাহী একটি লরি মোটরসাইকেল আরোহী খোকনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোটরসাইকেলের আরেক আরোহী এম আলম মনির নামে আরেক ভিডিও এডিটর আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে যাত্রাবাড়ী থানার সহ-পরিদর্শক আব্দুল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত সোয়া আটটার সময় খোকন ও মনির একটি মোটরসাইকেলে করে যাবার সময় পদ্মা তেল কোম্পানির একটি গাড়ি (সিলেট ট ২৪৮০) তাদের চাপা দেয়। খোকন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার একটি হাত ভেঙে গেছে।
আফতাব খোকনের বয়স হয়েছিল ৩৫।
দেশটিভির প্রতিবেদক তুষার ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোকন দেশটিভিতে চিফ ভিডিও এডিটর হিসাবে কর্মরত ছিলেন। মনির একই প্রতিষ্ঠানে ভিডিও এডিটর হিসাবে কাজ করছেন।
খবর পেয়ে দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক ও সাংসদ আসাদুজ্জামান নুর ঘটনাস্থলে যান। তিনি নিহতদের আত্মীয়স্বজনকে সান্ত্বনা দেন।
এ ঘটনায় দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২২৩২ঘ.
bdnews24