সিলেট, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যালট পেপার ছিনতাই মামলায় সাবেক বিএনপিদলীয় সাংসদ এম ইলিয়াস আলীসহ ৪৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গত বছর ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের দু'দিন পর সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনের একটি ভোট কেন্দ্রের পেছনের ধানক্ষেত থেকে উদ্ধার করা ব্যালট পেপার পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে সিলেটের বিশ্বনাথ থানায় এ মামলাটি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির রোববার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দেন।
উপ-পরিদর্শক জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাকিম এ এইচ এম হাবিবুর রহমান অভিযোগপত্র গ্রহণ করেছেন।"
তিনি জানান, এজাহারে ৫০ জনের নামোল্লেখ করে মোট সাড়ে তিনশ' জনকে আসামি করা হয়েছিল। নাম উল্লেখ করা দুই আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া নাম উল্লেখ করা অপর ৪৮ আসামির মধ্যে পাঁচজন আছেন স্থায়ী জামিনে এবং ইলিয়াস আলীসহ ৪৩ জন আছেন অন্তর্বর্তীকালীন জামিনে।
মামলার বরাত দিয়ে জহির জানান, ২০০৮ সালের ৩১ ডিসেম্বর বিশ্বনাথ উপজেলার দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পেছনের ধান ক্ষেত থেকে ধানের শীষে সিলযুক্ত দু'টি ব্যালট পেপার উদ্ধার করে পুলিশ। এরপর এ আসনে পরাজিত প্রার্থী এম ইলিয়াস আলী পুলিশের কাছ থেকে ব্যালট পেপার দু'টি ছিনিয়ে নেন। পরবর্তীতে তিনি ভোট কারচুপির অভিযোগ এনে ব্যালট পেপার দেখিয়ে ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
ব্যালট পেপার ছিনতাই এবং প্রকাশ্যে প্রদর্শনের অভিযোগে বিশ্বনাথ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৈয়দ মো. আবদুল মান্নান চলতি বছরের ১৪ জানুয়ারি ইলিয়াস আলীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫০ জনের নামোল্লেখ করে সাড়ে ৩শ' জনকে আসামি করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিনই পুলিশ বিএনপি ও ছাত্রদলের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে। পরে তারা জামিনে মুক্তি পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24