ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয় বিবরণী দাখিলের সময়সীমা শেষ হবে ৩১ মার্চ মঙ্গলবার। তবে সোমবার পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপিসহ বড় দলগুলোর কোনটিই তাদের হিসাব বিবরণী জমা দেয়নি। সোমবার পর্যন্ত জমা দিয়েছে মাত্র নয়টি দল।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব ফরহাদ আহম্মদ খান বলেন, "নবম সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর নির্বাচনী ব্যয় রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ মার্চ পর্যন্ত।"
নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে খেলাফত মজলিশ বাদে সবকটি দল ২৯ ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (আরপিও) অনুযায়ী জাতীয় সংসদের সব আসনে নির্বাচন হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক রাজনৈতিক দলকে তাদের খরচের বিবরণী কমিশনে দাখিল করা বাধ্যতামূলক।
২৯ ডিসেম্বরের নির্বাচন অনুযায়ী নোয়াখালী-১ আসন বাদে বাকি সব আসনের ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময় ৩১ মার্চ।
সিনিয়র সহকারি সচিব ফরহাদ বলেন, "নির্ধারিত সময়ে কোন নিবন্ধিত রাজনৈতিক দল তাদের খরচের বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে ওই দলকে প্রথমে একমাস সময় দেওয়া হবে। তাতে ব্যর্থ হলে ১০ হাজার টাকা জরিমানা সাপেক্ষে ১৫দিন সময় পাবেন। এরপরও রিটার্ন দাখিল করা না হলে প্রচলিত আইন অনুযায়ী কমিশন ওই দলের নিবন্ধন বাতিল করতে পারবে।"
গত ২৭ জানুয়ারি রাজনৈতিক দলের ব্যয়ের রিটার্ন জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে দলগুলোর সাধারণ সম্পাদক বরাবর চিঠি পাঠানো হয়েছিল বলেও জানা তিনি।
এদিকে, সোমবার চারটি দলের ব্যয় বিবরণী জমা দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ।
তিনি বলেন, "এ পর্যন্ত নয়টি দল তাদের নির্বাচনী ব্যয় বিবরণী জমা দিয়েছে। সোমবার দিয়েছে চারটি।"
রিটার্ন দাখিল করেছে যে দলগুলো হলো- জাকের পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, গণফোরাম, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি, ইসলামিক ফ্রন্ট ও ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/২০১৫ঘ.
bdnews24