ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সরকারি কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরো ৩০ কার্য দিবস সময় দেওয়া হয়েছে।
সোমবার তদন্ত কমিটির সদস্য সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি বলেন, "আগের সময়সীমা অনুযায়ী আজ (সোমবার) ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়র শেষ দিন। সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারের কাছে আমরা আরো ৩০ দিন সময় চেয়েছি। সরকার আমাদের আবেদন অনুযায়ী ৩০ কার্য দিবস সময় দিয়েছে।"
এর আগে রোববার কমিটি সময় চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেয়।
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ওই কমিটি করা হয়েছিল। পরে ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করে কমিটি পুনর্গঠন করা হয়।
৩ মার্চ তদন্ত শুরু করে ৯ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে পরে সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। ২৩ মার্চ প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন আরো চার কার্য দিবস সময় বাড়ানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/এফএফ/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24