ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মৎস্য গবেষণা কেন্দ্রের উন্নয়নে সরকার একটি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
তিনি বলেন, "আমাদের সীমিত সম্পদের মধ্যে সততা ও আন্তরিকতার সঙ্গে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। শুধু মাছ নিয়ে গবেষণা করলেই হবে না। এ গবেষণার সুফল যাতে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।"
রোববার বিকেলে চাঁদপুরে মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে ফিশারি রেস্ট হাউসে মৎস্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এ কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মৎস্য গবেষণা কেন্দ্রের উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্য মাথায় রেখে তিনি সেখানে যান।
এর আগে মন্ত্রী মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পুকুরে মাছ চাষ, হ্যাচারি, দেশীয় পাঙ্গাস মাছের প্রজনন ও পোনা সংরক্ষণাগার পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, ময়মনসিংহ মৎস্য গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সালেহ আহমেদ, মৎস্য ডিপ্লোমা কোর্সের প্রকল্প পরিচালক মো. মনজুর কাদির, জেলা প্রশাসক আ ক ম শাহীদুর রহমান, পুলিশ সুপারিনটেনডেন্ট কৃষ্ণপদ রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
দুপুরে মন্ত্রী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাটের মাছঘাটে জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০০৯ এর জাতীয় কর্মসূচি উদ্বোধন করেন।
'জাটকা রক্ষায় অংশ নিন, বদলে যাবে জেলের দিন' এ স্লোগানে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "জাটকা সংরক্ষণের মাধ্যমে দেশে অতিরিক্ত প্রায় তিন লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদিত হবে, যার মূল্য প্রায় সাত হাজার ৬৮০ কোটি টাকা।"
তিনি জানান, মৎস্যজীবীদের পুনর্বাসনের জন্য সরকার ২৩ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে বিকল্প কর্মসংস্থানের জন্য বরাদ্দ রয়েছে ১৪ কোটি টাকা। এর মাধ্যমে ক্ষুদ্র মৎস্যজীবীদের প্রতিটি পরিবার ৫ থেকে ১০ হাজার টাকা পাবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার তিন মাসের পরিবর্তে মৎস্যজীবীদের জন্য চার মাস ভিজিএফের মাধ্যমে চাল দেওযারও ব্যবস্থা করেছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন মৎস্য ও পশুসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক রফিকুল ইসলাম।
একই মন্ত্রাণালয়ের সচিব শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা একেএম শাহজাহান কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রমুখ।
পরে মন্ত্রী মতিরহাট থেকে সদর উপজেলার মজু চৌধুরীর হাট পর্যন্ত মেঘনায় নৌ-শোভাযাত্রায় অংশ নেন।
ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার একশ' কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুমাস জাটকাসহ সব মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৫৮ ঘ.
bdnews24