২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তত একটি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নিন: হাসান মশহুদ

যার যার এলাকার অন্তত একটি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 10:43 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যার যার এলাকার অন্তত একটি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। (আরও তথ্যসহ) তিনি বলেন, "এ উদ্যোগে দুর্নীতি দমন কমিশন, প্রশাসনসহ দেশবাসীর সহায়তা পাবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেনী প্রতিনিধি জানান, সোমবার দুপুরে ফেনীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এ কথা বলেন। তিনি বলেন, "উপজেলা চেয়ারম্যানরা চেষ্টা করলে প্রতিটি উপজেলায় দুর্নীতি প্রতিরোধ সম্ভব। একজন সৎ জনপ্রতিনিধি চাইলে এলাকায় দুর্নীতি রোধে অনেক কিছু করতে পারেন।" হাসান মশহুদ মনে করেন, "শুধু দুদক দিয়ে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। এজন্য সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা দরকার।" জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, পৌর মেয়র নুরুল আবসার, প্রতিরোধ কমিটির সহ সভাপতি মাইন উদ্দিন আহমদ কামরান, দুদক কর্মকর্তা আফজলের রহমান। সভায় দুদকের বিভাগীয় পরিচালক মেজর জুলফিকার আলী মজুমদারসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নোয়াখালী প্রতিনিধি জানান, বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, "দুর্নীতি প্রতিরোধে জনপ্রতিনিধিরা বড় ভূমিকা রাখতে পারেন। আমরা দুর্নীতি প্রতিরোধে জনপ্রতিনিধিদের সঙ্গে কাজ করতে চাই।" জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ বিষয়ক এ মতবিনিময় সভায় ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিদের বিভিন্ন বক্ত্যব্যের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, "দুর্নীতি হটানোর জন্য ক্ষমতার প্রয়োজন হয় না, প্রয়োজন স্বদিচ্ছার। জনপ্রতিনিধিরা যদি ইচ্ছা করেন নিজেদের এলাকায় দুর্নীতি দমন করা সম্ভব। জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- নোয়াখালীর জেলা প্রশাসক মিজানুর রহমান, সোনাইমুড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও গান্ধী আশ্রম ট্রাষ্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, সোনাইমুড়ি পৌর মেয়র মোতাহের হোসেন মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান্দ বানু, আব্দুল হক, ইউপি চেয়ারম্যান আজিজুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৪ ঘ.