২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে আগুনে ৫৩টি বসতঘর পুড়ে ছাই, আহত ৭

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হালালপুর গ্রামে রোববার গভীর রাতে আগুন লেগে ২৮টি পরিবারের ৫৩টি বসতঘর পুড়ে গেছে। দুর্গম এ এলাকায় অগ্নিনির্বাপণের ব্যবস্থা না থাকায় স্থানীয়রাই চারঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 01:12 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

কিশোরগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হালালপুর গ্রামে রোববার গভীর রাতে আগুন লেগে ২৮টি পরিবারের ৫৩টি বসতঘর পুড়ে গেছে। দুর্গম এ এলাকায় অগ্নিনির্বাপণের ব্যবস্থা না থাকায় স্থানীয়রাই চারঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গবাদি পশুসহ ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত সাতজন। আহত রাজেন্দ্র দাস (৬), গণেশ দাস (৪০), বিশ্ব দাস (২০), শুকলাল দাস (৩০), গোবিন্দ দাস (৩২), হরিপদ দাস (৩৫) ও দুর্যোধন দাসকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে রাজেন্দ্র দাসের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন ছড়িয়ে পড়ে ২৮টি পরিবারের ৫৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। একটি গরুসহ বেশ কিছু হাঁস-মুরগিও পুড়ে মারা যায়। তিনি বলেন, "দুর্গম এ হাওড় এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় স্থানীয়রা চার ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।" আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সেবাষ্টিন রেমা বলেন, "অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ (সোমবার) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারকে প্রাথমিকভাবে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৭ ঘ.