ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকোর কাছ থেকে আরবিট্রেশন আইন অনুযায়ী ক্ষতিপূরণ আদায় করতে চায় সরকার।
সোমবার সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ তথ্য জানান।
ক্ষতিপূরণের ৭৪৬ কোটি টাকা আদায়ে স্থানীয় আদালতে অর্থ মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
সুনামগঞ্জ- ৫ আসনের সাংসদ মহিবুুর রহমান মানিকের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়ে আরও বলেছেন, ছাতক গ্যাস ফিল্ডে কূ প খনন কালে ২০০৫ সালে দুই দফা বিস্ফোরণের ঘটনায় পেট্রো বাংলা নাইকোর কাছে ৮৪ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৯৭৩ টাকা ক্ষতিপূরণের দাবি করেছে। কিন্তু নাইকো এর সঙ্গে একমত পোষণ না করে আর্ন্তজাতিক আরবিট্রেশন আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব করে।
নাইকো ছাতকের ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপুরণ বাবদ তিন কোটি ৮৯ লাখ ৬০ হাজার ৮৪৪ টাকা দিয়েছে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
আগামী বছরেই আরো ১২০ মেগাওয়াট বিদ্যুৎ
নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২টি ১২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র আগামী বছরের আগস্ট মাসে চালু হবে। তিনি জানান ২০১২ সালে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় আরও ২টি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র চালুর পরিকল্পনা সরকারের রয়েছে।
নতুন বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনার চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সংসদকে জানান, সিদ্ধিরগঞ্জে ২১০ মেগাওয়াট ও হরিপুরে ৩৬০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদুৎ কেন্দ্র স্থাপন করা হবে। বেসরকারি খাতে রূপগঞ্জে ৩৩ মেগাওয়াট একটি ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্রের কাজ বাস্তবায়নের পথে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নতুন রেডিও চ্যানেল প্রসঙ্গে
নরসিংদী-৪ আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের এক প্রশ্নের লিখিত জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সংসদকে জানান, নুতন করে আরও বেসরকারি রেডিও চ্যানেল দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। বর্তমানে সরকার অনুমোদিত বেসরকারি রেডিও চ্যানেলের সংখ্যা ৪টি।
বিটিভি ও বেতারের আয়
রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী জানান, চলতি অর্থ বছরের ফেব্র"য়ারি মাস পর্যন্ত রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভি করসহ ৫৬ কোটি ১ লাখ, ৯১ হাজার এবং বেতার ৪কোটি ২৫ লাখ ৪৩ হাজার টাকা আয় করেছে।
নওগাঁও-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ২ হাজার ২ শ' ৫৮টি চলচিত্র সংরক্ষিত রয়েছে। এর মধ্যে পূর্ণ দৈর্ঘ্য দেশি-বিদেশি-(প্রিন্ট) ৫৪০টি, পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র (নেগেটিভ) ১২৯টি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ১৮২টি, প্রামাণ্য চিত্র (প্রিন্ট) ৯৯৫টি, প্রামাণ্য চিত্র (নেগেটিভ) ২১ টি, সংবাদ চিত্র ২৩৯টি, পূণদৈর্ঘ্য চলচিত্র (ইউমেটিক ও ভিএইচএস ফরম্যাট) ৭২টি ও ৫৭টি প্রামাণ্যচিত্র চলচ্চিত্র (ইউমেটিক ও ভিএইচএস ফরম্যাট) রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/পিসি/এমএইচসি/এসকে/১৯৫৩ঘ.
bdnews24