ঢাকা মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা সিটিতে ভয়াবহ আগুনের স্মৃতি মোছার আগেই রাজধানীর রাইফেলস স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার রাত সাড়ে আটটার দিকে বিডিআর সদর দপ্তরের ৪ নং গেট সংলগ্ন বিডিআর এর মালিকানাধীন এই মার্কেটটির চারতলার একটি খাবারের দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় ।
তারা দোকান ও মার্কেটের কর্মীদের সহযোগিতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলে। আগুনে শুধুমাত্র চারতলার 'ফুডপার্ক' দোকানটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক লিটন হায়দার ও প্রতিবেদক গোলাম মর্তুজা অন্তু জানান, আটটার পর মার্কেট বন্ধ হয়ে যাওয়ার কারণে এ সময় তেমন একটা ভিড় ছিল না। তবে আগুনের খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা ও উৎসুক জনতা সামনে ভিড় জমান। অনেক ব্যবসায়ী আগুন ছড়িয়ে পরার আশংকায় কাঁদতে শুরু করেন।
ভবনের নিরাপত্তাকর্মী বদরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে আটটার সময় আমরা কয়েকজন নিরাপত্তা কর্মী লক্ষ করি, দোকানটির নিচ থেকে ধোয়া বের হচ্ছে। তখন আমরা দোকানের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখতে পাই আগুন লেগেছে। আমরা আগুন নেভানো শুরু করতেই ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/জিএমএ/এএনএস/এইচএ/২৩২০ঘ.
bdnews24