২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যার বিরুদ্ধে ক্লু তাকেই জিজ্ঞাসাবাদ: ফারুক খান

বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার বিষয়ে যাদের বিরুদ্ধে ক্লু পাওয়া যাবে তাদেরই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফারুক খান বিডিআর ট্র্যাজেডি বিষয়ে সরকারের বিভিন্ন বিভাগের কার্যক্রম সমন্বয়ের জন্য গঠিত কমিটির প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার বিষয়ে যাদের বিরুদ্ধে ক্লু পাওয়া যাবে তাদেরই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফারুক খান বিডিআর ট্র্যাজেডি বিষয়ে সরকারের বিভিন্ন বিভাগের কার্যক্রম সমন্বয়ের জন্য গঠিত কমিটির প্রধান। সোমবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, "বিডিআরের ঘটনায় এখন নতুন নতুন তথ্য আসছে। যাদের বিরুদ্ধেই জড়িত থাকার ক্লু (সূত্র) পাওয়া যাবে তাদেরই জিজ্ঞাসাবাদ করা হবে। দেশি-বিদেশি যাকে মনে হবে তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে ইন্টারপোলেরও সহায়তা নেওয়া হবে।" জাতীয় যাদুঘরে অ্যাকশনএইড বাংলাদেশের ২৫ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠান শেষে জামায়াত নেতা আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ইতিমধ্যে ৪৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং আগামীতে আরও করা হবে। জামায়াত নেতা আব্দুর রাজ্জাক দাবি করেছেন, তাকে হয়রানি ও হেয় করার রাজনৈতিক উদ্দেশ্যেই এ জিজ্ঞাসাবাদ। ফারুক খান বলেন, "তদন্ত সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। তারই অংশ হিসেবে বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য কোনও কারণে নয়।" কাউকে শুধু রাজনৈতিকভাবে হয়রানির জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে -এ কথিত অভিযোগ সম্পর্কে দিগন্ত টেলিভিশনের এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "যারা এ ঘটনায় জড়িত তারাই এ অভিযোগ করছে।" এর আগে অ্যাকশনএইডের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, "জাতীয় সংসদে একজন নারীসহ দুজন ডেপুটি স্পিকার রাখার জন্য আমরা সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছি। এছাড়া স্পিকার পদের জন্য প্রধানমন্ত্রী একজন যোগ্য নারীকে খুঁজছেন।" ফারুক খান আরো বলেন, "বর্তমান সরকার ২০১৩ সালের মধ্যে প্রতি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং শিক্ষার্থীদের একবেলা করে খাবারের বন্দোবস্ত করতে চায়।" এছাড়া বর্তমান সরকার ২০১৩ সালের মধ্যে মাধ্যমিক এবং ২০২০ সালের মধ্যে প্রাথমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করবে বলেও তিনি জানান। অ্যাকশনএইডের দুদিনব্যাপী রজত জয়ন্তী উৎসবে সংস্থাটির ১৬৮টি সহযোগী প্রতিষ্ঠান ও নেটওয়ার্ক অংশ নেয়। এতে সেমিনার, প্রামান্য চিত্র প্রদর্শনী, যুব সম্মেলন, বিতর্ক এবং সংগঠনের সাবেক কান্ট্রি ডিরেক্টর নাসরিন হক স্মৃতি পদক দেওয়া করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২১৩৭ ঘ.