ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর কম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে তাদের কাজের মাধ্যমে নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেব্যাপারে সতর্ক থাকতে বলেছেন।
মঙ্গলবার তার দপ্তরে বাংলাদেশ পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, দেশের এক দীর্ঘ সংকট অতিক্রম করে নতুন সরকার
তার গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করেছে। (আরো তথ্যসহ-১)
তিনি বলেন, "মহান মুক্তিযুদ্ধের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তার সরকারের লক্ষ্য হচ্ছে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত ও মধ্য আয়ের দেশে পরিণত করা। এ লক্ষ্য অর্জনের জন্য গণতন্ত্রের ধারাবাহিকতা, সামাজিক স্থিতিশীলতা এবং সুশাসন অপরিহার্য। এ লক্ষ্য অর্জনে পুলিশ বাহিনীও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।"
শেখ হাসিনা বলেন, পুলিশের মূল কাজ হবে দুষ্টের দমন, শিষ্টের লালন।
একথা মনে রাখতে হবে যে পুলিশ জনগণের সেবক, প্রভু নয়। তাদেরকে সব মতপার্থক্যের উর্ধ্বে উঠে জনস্বার্থে নিরপেক্ষভাবে ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্রধানমন্ত্রী বিগত সাধারণ এবং উপজেলা নির্বাচনে পুলিশের উচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করে বলেন, একটি গণতান্ত্রিক দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখা ও সুশাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আইন-শৃঙ্খলা জোরদারে তাদের অসাধারণ ভূমিকার জন্য পুলিশ সর্বমহলের প্রশংসা অর্জন করছে।
শেখ হাসিনা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ বাহিনীকে আরো সক্রিয় ও পরিশ্রমী হওয়ার আহ্বান জানান।
তিনি তার ১৯৯৬-২০০১ শাসনামলে কমিউনিটি পুলিশ ব্যবস্থা গঠনের কথা স্মরণ করে বলেন, সামাজিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে তার সরকার এই ব্যবস্থা আরো সংহত করতে চায়।
প্রধানমন্ত্রী বলেন, বিরাজমান আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদ দমনের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, বাংলাদেশকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে,যাতে বিশ্বের দরবারে বাংলাদেশ তার সম্মানজনক অবস্থান সমুন্নত রাখতে পারে।
পেশাগত সমস্যা, লোকবল বৃদ্ধি, ঝুকি ভাতা, আবাসন ও প্রশিক্ষণসহ পুলিশের বেশ কিছু দাবির প্রতি ইঙ্গিত করে প্রধানমনত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশেষ পুলিশ ইউনিট গঠনের জন্য অর্থ বরাদ্দসহ সরকার সম্ভাব্য সব ধরণের সহযোগিতা দেবে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের সক্ষমতা আরো বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা জানান, এ ব্যাপারে সরকার মনোযোগ দেবে এবং অরো বাজেট বরাদ্দ করবে।
পুলিশ বাহিনীর কেউ দুর্নীতিতে জড়ালে, দমন-নিপীড়ন চালালে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, কেবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা পরিদর্শক এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর কম/এসইউএম/এইচএ/১৯৫০ঘ.
bdnews24