২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব পর্যায়ের মতামত নিয়েই প্রতিরক্ষা নীতির খসড়া চূড়ান্তহবে: সংসদে মন্ত্রী

সব পর্যায়ের মতামত নিয়ে ও আলোচনা করেই জাতীয় প্রতিরক্ষা নীতিমালার খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংসদে প্রতিরক্ষা বিষয়ে বক্তব্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব পর্যায়ের মতামত নিয়ে ও আলোচনা করেই জাতীয় প্রতিরক্ষা নীতিমালার খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংসদে প্রতিরক্ষা বিষয়ে বক্তব্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার। মঙ্গলবার সংসদে কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী নিহতদের সংখ্যা গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর মোট ৮৬ জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে কর্মকর্তা পর্যায়ের সেনাবাহিনীর ২৩জন, বিমান বাহিনীর ১ জন, সৈনিক পর্যায়ে সেনাবাহিনীর ৫৯ জন, নৌবাহিনীর ১ জন ও বিমান বাহিনীর ২ জন রয়েছেন। এছাড়াও বেসামরিক ২ কর্মী প্রাণ হারিয়েছেন। মন্ত্রী আরও জানান, নিহতদের মধ্যে ৬৯ জনের পরিবারকে ইতিমধ্যে বাংলাদেশী টাকায় ২৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকী ১৯ জনের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। সারে সরকারের ভর্তুকি সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদের এক প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী জানান, সারে চলতি অর্থ বছরে ভর্তুকি বাবদ সরকারের মোট ৬ হাজার ৭৫১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে ইউরিয়া সারে প্রায় ৪ হাজার ৩২৩ কোটি ৭৫ লাখ, টিএসপি সারে ১ হাজার ৩৯০ কোটি ৩৫ লাখ, এমওপি সারে ৭ শ' ২ কোটি ৭৩ লাখ এবং ডিএপি সারে ৩ শ' ৩৪ কোটি ৮৪ লাখ টাকা । নোয়াখালী-১ আসনের সাংসদ এ এম মাহবুবুউদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী বলেন, আগামী মৌসুমে সারের ঘাটতির কোনো সম্ভাবনা নেই। নন ইউরিয়া সারে ভর্তুকির পরিমাণ বর্তমান সরকার বাড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। মুুক্তিযোদ্ধার ভাতা বাড়ানো হবে কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মো. মজিবুল হকের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে। বর্তমানে সারাদেশে ১ লাখ সাধারণ মুক্তিযোদ্ধাকে মাসিক ৯ শ' টাকা হারে সন্মানী ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া ৭ হাজার ৮শ' ৩৮ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে বিভিন্ন হারে ভাতা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/পিসি/এমএইচসি/এসকে/১৮৩৫ঘ.