রাজশাহী, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা।
নির্বাচনে যে কোন ধরনের গোলযোগের আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশন মনে করছে শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হবে।"
মঙ্গলবার রাজশাহী মহানগরীর শালবাগানে নির্বাচন কমিশন ভবনের আঞ্চলিক কার্যালয় স্থাপনের জায়গা পরিদর্শন শেষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "প্রার্থীরা সবাই আচরণ বিধি মেনে চলছেন।"
রাজশাহী বিভাগের পাঁচটি সংসদীয় এলাকা বগুড়া সদর, শাজাহানপুর, গাবতলী, রংপুর সদর, পীরগঞ্জ এবং কুড়িগ্রাম সদরে উপ-নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন সিইসি।
২ এপ্রিল রংপুর-৩ ও ৬, কুড়িগ্রাম-২, বগুড়া-৬ ও ৭ ও কিশোরগঞ্জ-৬ আসনে উপনির্বাচন হবে। এসব আসন ছেড়েছেন যথাক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বাগেরহাট-১ আসনের উপনির্বাচনে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন।
সিইসি জানান, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল নাগাদ করার পাইলট প্রকল্প গ্রহণ করেছে। নতুন ভোটার তালিকায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে হবে কিনা জানতে চাইলে শামসুল হুদা বলেন, "ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিতে হবে কিনা, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24