ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১ এপ্রিল বুধবার থেকে ঢাকাসহ ছয়টি বিভাগীয় শহর ও পাঁচটি শ্রম-ঘন শহরে শুরু হচ্ছে সরকারি খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম।
বাজারে চালসহ নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখায় সহায়তা করতে পুরো মাস জুড়ে এ কার্যক্রম চলবে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগীয় শহর এবং শ্রম ঘন এলাকা নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও খুলনার খালিশপুরে এ কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে ঢাকার অদূরে সাভারেও এ কার্যক্রম শুরু হবে। এসব শহরের চাহিদার ওপর নির্ভর করবে ওএমএস কার্যক্রম দেশের অন্য জেলা শহরগুলোতে বিস্তৃত করা হবে কিনা।
খাদ্য সচিব মোখলেছুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি খাদ্য গুদামে বর্তমানে যে পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে তাতে ওএমএস চালিয়ে যাওয়া সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে বোরো ওঠার আগে অন্তবর্তীকালীন সময় হিসেবে পুরো এপ্রিল মাস জুড়ে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিব জানান, প্রাথমিকভাবে উল্লিখিত ১১টি শহরের জন্য এক হাজার ৭৯০ জন ডিলার নিয়োগ করা হয়েছে। ৪৩ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিক্রির মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে। তবে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ থাকায় প্রয়োজনে এ কার্যক্রম আরো দ্বিগুণ বা তারও বেশি পর্যন্ত করা যেতে পারে।
ওএমএস-এ প্রতি কেজি চাল ১৮ টাকা দরে বিক্রি করা হবে। পরিবার প্রতি পাঁচ কেজি চাল বিক্রি করা হবে। প্রতি সপ্তাহে একটি পরিবার তিনবার পর্যন্ত চাল সংগ্রহ করতে পারবে। সপ্তাহের ছয়দিন এ কার্যক্রম চালু থাকবে।
২৫ মার্চ খাদ্য মন্ত্রণালয়ে এক সভায় ওএমএস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছিলেন, বোরো মৌসুমের ফসল ওঠার আগে পর্যন্ত বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার ১ এপ্রিল থেকে ওএমএস কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৫৮ঘ.
bdnews24